হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ সঞ্চিতা। বয়স মোটে ২২। ‘কুমকুম ভাগ্য’ সিরিয়ালে অভিনয় করে রাতারাতি স্পটলাইটে চলে আসেন।‘সাজন ঘর’, ‘ওয়াগলে কি দুনিয়া’, ‘দিলওয়ালি দুলহা লে জায়েগি’র মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। সেই অভিনেত্রীর আকস্মিক মৃত্যুসংবাদে স্তম্ভিত মুম্বাইয়ের টেলিপাড়া!
১৪ জুন, রবিবার নালাসোপারা পূর্বের আচোলি এলাকার ‘সাই সন্তোষী’ ভবনে সঞ্চিতার বেডরুম থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত্যুর মাত্র ২৪ ঘণ্টা আগে ইনস্টাগ্রামে নাচের ভিডিও পোস্ট করেছিলেন তিনি। যা দেখে তাঁর ভক্তরা হতবাক হয়ে যান।
আচোলি থানার পুলিশকর্মী বিনোদ বাঘ জানান, সন্ধে ৭টা থেকে ৭টা ৩০ মিনিটের মধ্যে সঞ্চিতা নিজের শোওয়ার ঘরে দরজা বন্ধ করে শাড়ি দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগান। অভিনেত্রীর পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা তাঁকে ভাসাই-ভিরার পুরসভার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সঞ্চিতাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের জন্য দেহ পাঠানোর আগে একটি ইনকোয়েস্ট রিপোর্ট প্রস্তুত করা হয়েছে।
অভিনেত্রীর বাবা মাছিদ্র উগালের দায়ের করা অভিযোগের ভিত্তিতে, আচোলি পুলিশ ১৫ জুন ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’-এর ১৯৪ ধারার অধীনে একটি ‘অ্যাক্সিডেন্টাল ডেথ রিপোর্ট’ বা অস্বাভাবিক মৃত্যুর মামলা নথিভুক্ত করেছে। জি টিভির জনপ্রিয় শো ‘কুমকুম ভাগ্য’তে দিয়া ট্যান্ডনের চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন সঞ্চিতা উগালে।
মনোজ বাজপেয়ী অভিনীত ‘সাইলেন্স ২: দ্য নাইট আউল বার শুটআউট’-এও অভিনয় করেন সঞ্চিতা। এমনকী ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’ ছবিতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। সেই অভিনেত্রী আচমকাই কেন আত্মহননের পথ বেছে নিলেন? তদন্তে পুলিশ।