প্রয়াত বলিউডের বিতর্কিত মুখ পাহলাজ নিহালানি, চলচ্চিত্র মহলে শোকের ছায়া

চলচ্চিত্র প্রযোজক এবং সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের প্রাক্তন চেয়ারপার্সন পাহলাজ নিহালানি প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন এবং লিভারজনিত সমস্যায় ভুগছিলেন বলে জানা গিয়েছে। তাঁর প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র জগতে এক বিতর্কিত ও প্রভাবশালী অধ্যায়ের অবসান ঘটল বলে অনেকেই মনে করছেন।

১৯৫০ সালের ১০ জানুয়ারি সিন্ধি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন পাহলাজ নিহালানি। তাঁর বড় ভাই ছিলেন খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক গোবিন্দ নিহালানি। তিনি ‘আক্রোশ’ ও ‘অর্ধসত্য’-র মতো ছবির জন্য পরিচিত। চলচ্চিত্র জগতের সঙ্গে পারিবারিক যোগাযোগ থাকলেও পাহলাজ নিজের পরিচিতি গড়ে তুলেছিলেন।

১৯৮২ সালে ‘হাথকড়ি’ ছবির হাত ধরে তিনি প্রযোজক হিসেবে যাত্রা শুরু করেন। এরপর ‘আন্ধি-তুফান’, ‘ইলজাম’, ‘আগ হি আগ’, ‘পাপ কি দুনিয়া’, ‘মিট্টি অউর সোনা’ এবং ‘শোলা অউর শবনম’-এর মতো একাধিক জনপ্রিয় ছবি তিনি প্রযোজনা করেন। ১৯৮৬ সালের ‘ইলজাম’ ও ১৯৮৭ সালের ‘আগ হি আগ’ ছবির মাধ্যমে দুই নায়কের জন্ম হয়। ইলজাম ছবিতে অভিনয় করেন গোবিন্দ। অন্যদিকে আগ হি আগ ছবিতে অভিনয় করেন চাঙ্কি পাণ্ডে।


১৯৯৩ সালের ‘আঁখেঁ’ ছবি বিপুল বাণিজ্যিক সাফল্য পেয়েছিল। আর সেই ছবির হাত ধরেই নিহালানি বলিউডের অন্যতম সফল প্রযোজকের আসনে বসেন। গোবিন্দের সঙ্গে তাঁর দীর্ঘদিনের পেশাগত ও ব্যক্তিগত সম্পর্ক ছিল বলিউডে বহুল আলোচিত। পাশাপাশি তিনি প্রায় ২৯ বছর ধরে অ্যাসোসিয়েশন অফ পিকচার্স অ্যান্ড টিভি প্রোগ্রাম প্রডিউসার্স-এর সভাপতির দায়িত্বও পালন করেছেন।

২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে ‘হর হর মোদী, ঘর ঘর মোদী’ প্রচারমূলক ভিডিও নির্মাণ করে তিনি রাজনৈতিক মহলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। পরবর্তীকালে ২০১৫ সালে তাঁকে সিবিএফসি-র চেয়ারম্যান করা হয়। তবে তাঁর বেশ কয়েকটি ছবি বিতর্কের সৃষ্টি করেছিল।

‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’ ছবিটি মুক্তি পাওয়ার পর সেটা নিয়ে সিবিএফসির সঙ্গে দীর্ঘ লড়াই চলেছিল। কারণ চলচ্চিত্রটি প্রাথমিকভাবে মহিলাকেন্দ্রিক হওয়ার জন্য তার শংসাপত্র প্রত্যাখ্যান করা হয়েছিল। ২০১৭ সালে তিনি ‘জব হ্যারি মেট সেজাল’-এর ট্রেলারে সহবাস শব্দটি অস্বীকার করেছিলেন। তাঁর এই দৃষ্টিভঙ্গি উল্লেখ করে তিনি সমালোচিত হয়েছিলেন।

২০১৭ সালে তাঁকে সিবিএফসি প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। পদচ্যুতির পরও তিনি চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৯ সালে গোবিন্দ অভিনীত ‘রঙ্গিলা রাজা’ তিনি প্রযোজনা করেন। জীবনের শেষ কয়েক বছরেও তিনি ওটিটি প্ল্যাটফর্মে কনটেন্ট নিয়ন্ত্রণের পক্ষে সরব হয়েছিলেন। পাহলাজ নিহালানির জীবন ছিল সাফল্য ও বিতর্কের এক অনন্য মিশ্রণ।