আরএসএসের ১০০ বছরের পথচলা নিয়ে তৈরি ছবি, ‘আখরি সওয়াল’

পোস্টার চিত্র

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ১০০ বছরের যাত্রাপথ এবং দেশগঠনে তাদের ভূমিকা তুলে ধরা নতুন ছবি ‘আখরি সওয়াল’ মুক্তির আগেই রাজনৈতিক এবং সাংস্কৃতিক মহলে চর্চার কেন্দ্রে উঠে এল। দিল্লিতে ছবিটির বিশেষ প্রদর্শনীর পরে প্রশংসায় ভরিয়ে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত।

জানা গিয়েছে, সঞ্জয় দত্ত অভিনীত এই ছবির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল দিল্লিতে। সেখানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলী এবং নির্মাতারা। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে পুরো ছবিটি দেখেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তও। ছবি দেখার পরে সমাজমাধ্যমে দীর্ঘ বার্তা প্রকাশ করে রেখা গুপ্ত জানান, ‘আখরি সওয়াল’ শুধু একটি সিনেমা নয়, বরং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের শতবর্ষের যাত্রা, দেশসেবা, সাংগঠনিক শক্তি এবং সাংস্কৃতিক চেতনার এক গুরুত্বপূর্ণ উপস্থাপনা।

রেখা গুপ্ত লিখেছেন, এই ছবিতে দেশের সামাজিক এবং আদর্শগত জীবনের একাধিক গুরুত্বপূর্ণ অধ্যায় অত্যন্ত গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে। তাঁর মতে, গত ১০০ বছরে সঙ্ঘের স্বয়ংসেবকেরা দেশের নানা প্রান্তে নিঃস্বার্থভাবে কাজ করেছেন। সামাজিক সংগঠন গড়ে তোলা থেকে শুরু করে জাতীয় চেতনা জাগিয়ে তোলা, প্রাকৃতিক বিপর্যয়ে সাহায্য কিংবা সমাজোন্নয়নের কাজে তাঁদের অবদান রয়েছে।


মুখ্যমন্ত্রী আরও বলেন, এই শতবর্ষ শুধু একটি সংগঠনের ইতিহাস নয়, বরং ভারতের সাংস্কৃতিক চেতনা এবং দেশগঠনের অবিচল সংকল্পের প্রতীকও বটে। তিনি জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক অভিজিৎ মোহন ওয়ারাং, অভিনেতা সঞ্জয় দত্ত, অমিত সাধ, নমশি চক্রবর্তী, সমীরা রেড্ডি এবং পুরো নির্মাতা দলকে শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, ছবিটি উপস্থাপনা করছেন নিখিল নন্দা। প্রযোজনার দায়িত্বেও রয়েছেন তিনি এবং সঞ্জয় দত্ত। পাশাপাশি সহ-প্রযোজক হিসেবে রয়েছেন পুনীত নন্দা, ডক্টর দীপক সিং, গৌরব দুবে এবং উজ্জ্বল আনন্দ। জাতীয় পুরস্কারজয়ী পরিচালক অভিজিৎ মোহন ওয়ারাং পরিচালিত এই ছবি আগামী ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। মুক্তির আগেই ছবিটি ঘিরে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।