তালসারিতে মেগা সিরিয়ালের শ্যুটিং করতে গিয়েছিলেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। ছিলেন সম্পূর্ণ সুস্থ। কিন্তু তালসারি থেকে আর ফিরলেন না। সমুদ্রে ডুবে মৃত্যু হয় তাঁর। সেই সময় ধারাবাহিকক ‘ভোলে বাবা পার করেগা’র শ্যুটিং করছিলেন তিনি। আর সেই শ্যুটিং চলাকালীনই মৃত্যু হয় তাঁর।
আর এবারে সেই মৃত্যু তদন্তে সিআইডি তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিঘার প্রশাসনিক বৈঠকে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন ‘রাহুলের মৃত্যু ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিলাম।‘ রাহুল যে ধারাবাহিকের অভিনয় করতে তালসারিতে গিয়েছিলেন সেই ধারাবাহিকের প্রযোজক ছিলেন লীনা গঙ্গোপাধ্যায়। আর তিনি ছিলেন তৃমমূলের অত্যন্ত ঘনিষ্ঠ।
আর এবারে সরকার বদলের পরেই নতুন বাঁক নিল এই তদন্ত। রাহুলের মৃত্যুতে একাধিকবার উঠে এসেছে গাফিলতির কথা। যারা সেই সময়ে শ্যুটিং স্পটে ছিলেন তারাও জানিয়েছিলেন পর্যাপ্ত নিরাপত্তা ছিল না শ্যুটিংয়ের। এবারে রাহুলের মৃত্যু তদন্তে উঠে আসবে নতুন তথ্য। এমনটাই মমনে করছেন অনেকে।
আগে প্রিয়াঙ্কা সরকার জানিয়েছিলেন তাঁর সরকারের উপরে আস্থা রয়েছে। বর্তমানে অভিনেতা রুদ্রনীল ঘোষ একজন বিধায়ক। তিনি রাহুলের পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ। প্রিয়াঙ্কাও জানিয়েছিলেন রুদ্রনীলের সঙ্গেও এই নিয়ে তাঁর একাধিকবার কথা হয়েছে। তাঁর আশা নতুন সরকার এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন। রাহুলের মময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছিল ১ ঘন্টার বেশি সময় তিনি জলে ডুবে ছিলেন। আর সেই কারণে তাঁর শরীরে ঢুকে গিয়েছিল বালি ও নোনা জল। তবে মৃত্যু নিয়েও রয়েছে ধোঁয়াশা। কারণ স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে শ্যুটিংয়ের সময়ে যারা উপস্থিত ছিলেন তাদের সকলের বয়ান পরস্পর বিরোধী। আর সেই কারণেই মৃত্যুর প্রকৃত ঘটনা জানতে তদন্তের প্রয়োজন বলে মনে করছেন অনেকেই।