বিশ্বখ্যাত গায়িকা ও অভিনেত্রী শেরের জীবনে হঠাৎই বড় পরিবর্তন এসেছে। সম্প্রতি জানা গিয়েছে, তিনি নাকি প্রথমবারের মতো নাতনির অস্তিত্ব সম্পর্কে জানতে পেরেছেন। এই খবর সামনে আসতেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
খবর অনুযায়ী, শেরের ছোট ছেলে ইলাইজা ব্লু অলম্যানের একটি কিশোরী কন্যা রয়েছে। দাবি করা হয়েছে, ১৫ বছর বয়সি সেই কন্যার মা কেটি এডওয়ার্ডস, যিনি একসময় মডেল ছিলেন। তাঁর কথায়, ২০১০ সালে একটি স্বল্প সময়ের সম্পর্কের পর তিনি অন্তঃসত্ত্বা হন। কেটির দাবি, ইলাইজা নাকি কখনওই বাবা হতে চাননি। তবে ২০২১ সালে এক গুরুতর অসুস্থতার পর তিনি তাঁর স্ত্রীর কাছে এই সন্তানের কথা জানান। সেই সময় থেকেই পরিবারের মধ্যে বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়।
কেটি জানিয়েছেন, গত বছর শের নিজে তাঁর সঙ্গে যোগাযোগ করেন এবং পুরো বিষয়টি জানতে চান। সত্যিটা জানার পর তিনি কিছুটা হতবাক হয়ে পড়েন। পরে তিনি নাতনির সঙ্গে দেখা করেন। তাঁদের মধ্যে একটি স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা চলছে।
একসঙ্গে সময় কাটানোর প্রসঙ্গে কেটি বলেন, শের নাকি খুবই আন্তরিক ও সহজভাবে নাতনির সঙ্গে মিশেছেন। তাঁরা একসঙ্গে সময় কাটিয়েছেন, কথা বলেছেন, এমনকি খেলাধুলাও করেছেন। এই সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিকভাবে এগিয়ে যাক, সেটাই চান কেটি। যদিও এই বিষয়ে শেরের প্রতিনিধিরা এখনও কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেননি। ফলে পুরো বিষয়টি নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়ে গিয়েছে। তবুও এই ঘটনাকে ঘিরে বিনোদন জগতে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।