‘বিনোদিনী’র পরে ফের ঐতিহাসিক চরিত্র নিয়ে কাজ করতে চলেছেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় সেই সিনেমার পোস্টার শেয়ার করে সকলকে এই বার্তা দিয়েছেন তিনি। আর সেই চরিত্রে অর্থাৎ সিস্টারর নিবেদিতার চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেত্রী সেলিনা জেটলিকে।
এই নিয়ে মুখ খুলেছেন খোদ অভিনেত্রী। জানিয়েছেন , ‘আমার বাবার পোস্টিং ছিল পশ্চিমবঙ্গের বিনাগুড়িতে। বাবা-মায়ের সঙ্গে সেনাবাহিনীর কনভয়ে করে দার্জিলিং যেতাম। আর যেসব জায়গায় থাকতাম, তার মধ্যে অন্যতম ছিল রয় ভিলা। যেখানে সিস্টার নিবেদিতা জীবনের শেষদিনগুলি কাটিয়েছিলেন। এখন পিছন ফিরে তাকালে মনে হয় ওই জায়গাটার মধ্যে এমন কিছু ছিল যা সবসময় আমাকে স্পর্শ করত।‘ সেলিনা আরও বলেন, সিস্টার নিবেদিতার চরিত্রে অভিনয় করাটা তাঁর কাছে কেবল একটি ভূমিকা বা চরিত্র নয়, বরং তা অন্তরের ডাক দেওয়ার মত মনে হয়েছে।
২০০৩ সাল থেকে বলিউডে জানশিন সিনেমা দিয়ে নিজের যাত্রা শুরু করেছিলেন সেলিনা। তারপরে নো এন্ট্রি, গোলমাল রিটার্ন, থ্যাঙ্ক ইউয়ের মত হিট সিনেমাতেও অভিনয় করেছিলেন। আর এই প্রথমবার তাঁকে দেখা যাবে বাংলা পরিচালকের সিনেমায়।
‘সিস্টার নিবেদিতা’ ছবিটি ‘অ্যাসর্টেড মোশন ‘-এর সহযোগিতায় ‘অরিত্র দাস ক্রিয়েশন’ প্রযোজনা করছে। জানা গিয়েছে, পরিচালক আবারও সুরেন্দ্র-সৌম্যজিৎ জুটির সঙ্গে কাজ করছেন ৷ এর আগে তাঁর শেষ পরিচালিত সিনেমা ‘বিনোদিনী: একটি নটির উপাখ্যান’-এর সঙ্গীত পরিচালনা করেছিলেন সুরেন্দ্র-সৌম্যজিৎ। ‘সিস্টার নিবেদিতা’ ছবিটির চিত্রনাট্য লিখেছেন ইপ্সিতা আচার্য। টিমের তরফ থেকে এখনও ছবির বাকি কলাকুশলী ও সৃজনশীল দলের সদস্যদের চূড়ান্ত করার কাজ চালিয়ে যাচ্ছে।
পরিচালক রামকমল ‘সিস্টার নিবেদিতা’-র পোস্টার শেয়ার করে লিখেছিলেন, ‘১৯০৫ সালের সেপ্টেম্বর মাসে ‘ভাণ্ডার’ পত্রিকায় প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুরের ‘একা’ কবিতাটি হয়তো ঘুণাক্ষরেও আঁচ করতে পারেনি যে, এর ভাগ্যে এক অসাধারণ যাত্রাপথ অপেক্ষা করছে। এই কবিতার পঙক্তিমালা থেকেই জন্ম নিয়েছিল ‘একলা চলো রে’ সাহস, দৃঢ় প্রত্যয় ও অবিচল সংকল্পের এক কালজয়ী আহ্বান, যা ভৌগোলিক সীমানা, ভাষা ও প্রজন্মের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছিল। নিছক একটি গানের গণ্ডি ছাড়িয়ে এটি হয়ে উঠেছিল এক জীবনদর্শন, যা বিশ্বজুড়ে অগণিত মানুষকে একাকী পথ চলতে বাধ্য হলেও নিজেদের যাত্রা অব্যাহত রাখতে অনুপ্রাণিত করে চলেছে।’
পরিচালক এরপর লেখেন, ‘আজ, একটি দল হিসেবে আমরা এই অনুপ্রেরণাদায়ক কাহিনিটিকে পর্দায় তুলে আনার এক দীর্ঘ ও চ্যালেঞ্জিং যাত্রায় পা রাখতে পেরে গর্বিত। বিপুল প্রতিকূলতার মুখে গড়ে ওঠা যেকোনও স্বপ্নের মতোই, একটি স্বাধীন প্রযোজনা সংস্থার পক্ষে এই প্রকল্পটি হয়তো আপাতদৃষ্টিতে অসম্ভব মনে হতে পারে। কিন্তু আমরা কখনোই মনোবল হারাইনি এবং এটিকে বাস্তবায়িত করার লক্ষ্যে নিষ্ঠার সাথে কাজ করে গিয়েছি। ঠিক যেমনটি সিস্টার নিবেদিতার ক্ষেত্রে ঘটেছিল, তেমনি প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করা মানুষেরা সবসময়ই রবীন্দ্রনাথের এই অমর বাণীতে শক্তি খুঁজে পেয়েছে- “যদি সবাই থাকে মুখ ফিরিয়ে, সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই, মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে…’