ভারতের কে-পপ অনুরাগীরা দীর্ঘদিন ধরেই বিটিএস-এর একটি লাইভ কনসার্টের অপেক্ষায় রয়েছেন। গত কয়েক বছরে বিশ্বজুড়ে এই কোরিয়ান ব্যান্ডের জনপ্রিয়তা আরও বেড়েছে। ভারতেও বিটিএস-এর অনুরাগীর সংখ্যা কম নয়। বিশ্বের বিভিন্ন দেশে একাধিক অনুষ্ঠান করলেও এখনও পর্যন্ত ভারতে কোনও বড় মাপের কনসার্ট করেনি ব্যান্ডটি।
তাই দীর্ঘদিনের অপেক্ষার মাঝে বিটিএস-এর সদস্যদের ভারত নিয়ে কথা বলার একটি ছোট্ট ভিডিয়োই ভারতীয় অনুরাগীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি করেছে। ভিডিয়োর পরের অংশে ভারত নিয়ে আরও আলোচনা করতে দেখা যায় তাঁদের। ভি বলেন, ‘আমরা এখনও ভারতে অনুষ্ঠান করে উঠতে পারিনি, তাই না?’ এরপর সুগা ভারতীয় অনুরাগীদের প্রসঙ্গ তুলে বলেন, ‘ভারতে আমাদের অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তাঁদের সঙ্গে কখনও না কখনও তো দেখা করতে চাই।’
এর পরেই আসে আরও একটি প্রশ্ন ‘ভারত সফর করলে, কোন জায়গায় যাওয়া ভাল হবে?’ ভারতে সফরের সম্ভাব্য গন্তব্য নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেওয়া হয়। সেখানেই উঠে আসে মুম্বইয়ের নাম। পাশাপাশি আলোচনা হয় ভারতীয় খাবার নিয়েও। তবে উল্লেখ্য, পুরো ভিডিয়োটিই গুগ্ল এবং তাদের কৃত্রিম বুদ্ধিমত্তার প্রচারমূলক উদ্যোগের অংশ।
ভিডিয়োটিতে ভারতে কনসার্ট করার বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা অবশ্য করা হয়নি। ফলে এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয় যে বিটিএস ভারতে আসছে। তবে ব্যান্ডের সদস্যদের মুখে ভারতীয় অনুরাগীদের কথা শোনা এবং তাঁদের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ নিঃসন্দেহে নতুন করে আশার আলো দেখিয়েছে।
ভারতীয় ‘আর্মি’—বিটিএস-এর অনুরাগীদের ‘আর্মি’ বলা হয়। তাই ইতিমধ্যেই উচ্ছ্বসিত ভারতের আর্মি রা। প্রিয় ব্যান্ডকে দেশের মাটিতে সরাসরি দেখার স্বপ্ন তাঁদের দীর্ঘদিনের। সত্যিই যদি ভারতে বিটিএস-এর লাইভ কনসার্ট হয়, তা হলে দেশের কে-পপ অনুরাগীদের কাছে নিঃসন্দেহে তা হবে এক স্মরণীয় মুহূর্ত। আপাতত আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় দিন গুনছেন ভারতীয় ‘আর্মি’।