একসময় বলিউডের পরিচিত মুখ ছিলেন তিনি। ‘দস্তক’, ‘জোশ’, ‘এলওসি কার্গিল’, ‘লক্ষ্য’, ‘ওয়ান্টেড’-এর মতো একাধিক ছবিতে অভিনয় করে নজর কেড়েছিলেন অভিনেতা শরদ কপূর। অথচ সেই অভিনেতার বর্তমান পরিস্থিতির কথা সামনে আসতেই উদ্বেগ ছড়িয়েছে। দীর্ঘদিন ধরে চরম অবহেলা ও অসুস্থতার মধ্যে দিন কাটাচ্ছেন তিনি। সম্প্রতি শরদের দুরবস্থার কথা প্রকাশ্যে এনেছেন তাঁর বন্ধু হেমা চৌধরী। তাঁর দাবি, গত দু’বছর স্নান পর্যন্ত করেননি অভিনেতা। এমনকি বিছানা ছেড়ে ওঠার ক্ষমতাও হারিয়েছিলেন।
পথকুকুরদের উদ্ধার করতে গিয়েই শরদের সঙ্গে পরিচয় হয় হেমার। মুম্বইয়ের যে আবাসনে অভিনেতা থাকেন, সেখানে কুকুর উদ্ধারের কাজে গিয়ে তাঁর ঘরে পৌঁছেছিলেন হেমা। সেখানে শরদের শারীরিক অবস্থা এবং ঘরের পরিবেশ দেখে কার্যত স্তম্ভিত হয়ে যান তিনি। অভিনেতার ঘরের একটি ভিডিয়োও প্রকাশ্যে এনেছেন হেমা। পাশাপাশি বলিউডের সহকর্মীদের কাছে শরদের চিকিৎসা ও দেখভালের জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।
হেমার দাবি, দীর্ঘদিন ধরেই কার্যত একাকী এবং অবহেলায় দিন কাটছিল শরদের। অভিনেতার পরিবারের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেছিলেন তিনি। এ প্রসঙ্গে হেমা বলেন, সম্ভবত কাজ বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই শরদের পরিস্থিতির অবনতি হতে শুরু করে। তাঁর ভাইয়ের সঙ্গে কথা বলে অভিনেতার কাছে তাঁকে নিয়ে যাওয়ার চেষ্টাও করেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
শরদের পরিবারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন হেমা। তাঁর অভিযোগ, অভিনেতার প্রয়োজনের সময়ে পরিবারের কেউ পাশে দাঁড়াননি। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে, প্রায় মৃত্যুর মুখে পৌঁছে গিয়েছিলেন তিনি।
হেমার কথায়, তিন-চার জন মানুষ যেন শরদের মৃত্যুর অপেক্ষায় ছিলেন। তাঁর অবস্থা প্রায় ৯৯ শতাংশ খারাপ হয়ে গিয়েছিল। গত দু’বছর স্নান করেননি অভিনেতা। বিছানা থেকেও উঠতেন না। এমনকি তিনি খেয়েছেন কি না, তা জানার জন্যও কেউ ফোন করতেন না। ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলেন শরদ।
হেমার দাবি, সময়মতো অভিনেতার কাছে পৌঁছতে না পারলে বড় বিপদ ঘটে যেতে পারত। বর্তমানে শরদের দেখভালের দায়িত্ব নিয়েছেন তিনিই। অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়েও কিছু তথ্য জানিয়েছেন হেমা। তাঁর দাবি, শরদের জীবনে এক বান্ধবী রয়েছেন। তবে ওই মহিলার পক্ষে অভিনেতার যথাযথ দেখভাল করা সম্ভব নয়। শরদের সন্তান রয়েছে কি না, সে বিষয়ে অবশ্য কোনও মন্তব্য করতে চাননি তিনি। অভিনেতার ব্যক্তিগত জীবনের সব তথ্য প্রকাশ্যে আনার অনুমতি এখনও পাননি বলেই জানিয়েছেন হেমা।
এদিকে, শরদের দুরবস্থার খবর সামনে আসার পর তাঁর পাশে দাঁড়িয়েছেন বলিউডের একাধিক তারকা। সলমন খান এবং সোনু সুদ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলে জানা গিয়েছে। এমনকি সোনু নিজে অভিনেতার সঙ্গে দেখা করতেও গিয়েছিলেন। একসময় পর্দায় দাপটের সঙ্গে অভিনয় করা শরদের এমন পরিস্থিতির খবর স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে।