পুজোর বক্স অফিসে ফের ঝড় তুলতে প্রস্তুত ‘বহুরূপী’! প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে দর্শকমহলে উন্মাদনা তুঙ্গে। যিশু সেনগুপ্ত ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের মুখোমুখি লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। তার মধ্যেই বড় ঘোষণা। ‘কেজিএফ’ ও ‘কান্তারা’র মতো জনপ্রিয় ছবির প্রযোজনা সংস্থা হোমবেল ফিল্মসের হাত ধরে আন্তর্জাতিক দর্শকমহলে পৌঁছে যেতে চলেছে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’।
২০২৪ সালের পুজোয় মুক্তি পেয়ে বক্স অফিসে সাফল্যের নজির গড়েছিল ‘বহুরূপী’। বাংলা ছবির গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন প্রান্তে, এমনকী আন্তর্জাতিক স্তরেও প্রশংসা কুড়িয়েছিল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের এই ছবি। ছ্যাঁচড়াপুরের বিক্রমের ডাকাতির গল্প মন জয় করেছিল দর্শকদের। সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতেই প্রায় দু’বছর পর পুজোর পর্দায় ফিরছে ‘বহুরূপী’ ফ্র্যাঞ্চাইজি।
নতুন ছবির পরিসর যে আরও বড় হতে চলেছে, তার ইঙ্গিত আগেই দিয়েছিলেন নির্মাতারা। টিজার ও ট্রেলারের ঝলকে ছবির অ্যাকশন এবং গল্পের কিছুটা আভাস মিলেছে। এবার আন্তর্জাতিক বাজারে ছবিকে আরও বেশি দর্শকের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে প্রযোজনা সংস্থা উইন্ডোজ।
৯ অক্টোবর, শুক্রবার হোমবেল ফিল্মসের তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’কে আন্তর্জাতিক দর্শকদের কাছে পৌঁছে দিতে তারা উদ্যোগী হয়েছে। ‘কেজিএফ’ ও ‘কান্তারা’র মতো ছবির সঙ্গে যুক্ত এই প্রযোজনা সংস্থার হাত ধরে বাংলা ছবির বাণিজ্যিক পরিসর আরও বাড়বে বলেই আশা করছেন অনেকে।
সব মিলিয়ে, পুজোর বক্স অফিসে এবার বড় বাজি ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’। প্রথম ছবির সাফল্যের পর নতুন কিস্তি দর্শকদের কতটা আকৃষ্ট করতে পারে, এখন সেটাই দেখার। তবে আন্তর্জাতিক স্তরে ছবিকে পৌঁছে দেওয়ার উদ্যোগ যে এই ফ্র্যাঞ্চাইজির জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিল, তা বলাই যায়।