বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের বহু প্রতীক্ষিত ছবি ‘ভারত ভাগ্য বিধাতা’-র ট্রেলার প্রকাশ্যে এল। বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি এই ছবির ট্রেলার ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আলোড়ন ফেলেছে। ২৬/১১ সন্ত্রাসের ভয়াবহতার মাঝেও কীভাবে কয়েকজন নার্স অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়ে শত শত মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন, সেই কাহিনিই তুলে ধরা হয়েছে ছবিতে।
ছবির গল্পের কেন্দ্রবিন্দু কোনও সেনা অফিসার বা সুপারহিরো নন। বরং হাসপাতালের নার্স, ওয়ার্ড বয়, পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তারক্ষী এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরাই এখানে প্রকৃত নায়ক। ট্রেলারে দেখা যায়, বাইরে যখন আতঙ্ক ও অরাজকতা ছড়িয়ে পড়েছে, তখন হাসপাতালের ভেতরে জীবন বাঁচানোর লড়াই চালিয়ে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। বিপদের মুখে তাঁরা নিজেদের দায়িত্ব থেকে এক পা-ও পিছিয়ে যাননি।
এই ছবিতে কঙ্গনা রানাউতকে দেখা যাবে এক স্টাফ নার্সের ভূমিকায়। একজন সাধারণ নারীর চরিত্রে অভিনয় করেছেন তিনি, যিনি বাড়িতে কিংবা কর্মক্ষেত্রে খুব একটা গুরুত্ব পান না। কিন্তু সংকটের মুহূর্তে তাঁর উপস্থিত বুদ্ধি, সাহস এবং মানবিকতা শত শত মানুষের জীবনের ভরসা হয়ে ওঠে। ট্রেলার জুড়ে তাঁর চরিত্রের এই রূপান্তর অত্যন্ত আবেগঘনভাবে তুলে ধরা হয়েছে।
ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে কঙ্গনা বলেন, “আমরা অনেক সময় সাধারণ মানুষের শক্তিকে অবমূল্যায়ন করি। চিকিৎসা সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া যায়, কিন্তু সাহস শেখানো যায় না। ভয়ের মুখে দাঁড়িয়ে থাকার ক্ষমতা, মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করার মানসিকতা ভেতর থেকেই আসে। এই নার্স ও স্বাস্থ্যকর্মীরা নিজেদের কখনও নায়ক বলে ভাবেননি, তাঁরা শুধু নিজেদের কর্তব্য পালন করেছেন। আর সেই কর্তব্যবোধই অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছে।”
ছবির পরিচালক ও চিত্রনাট্যকার মনোজ তাপাডিয়া জানান, তিনি বীরত্বকে শুধুমাত্র নাটকীয়ভাবে দেখাতে চাননি। বরং দায়িত্ববোধ থেকেই যে প্রকৃত সাহসের জন্ম হয়, সেটাই তুলে ধরতে চেয়েছেন। তাঁর কথায়, ‘এই মানুষগুলি সন্ত্রাস মোকাবিলার প্রশিক্ষণপ্রাপ্ত নন। তাঁরা জীবন বাঁচানোর জন্য প্রশিক্ষিত। তবুও সংকটের সময় তাঁরা মানবতার সেবাকেই প্রাধান্য দিয়েছেন।’
পেন স্টুডিওসের কর্ণধার জয়ন্তীলাল গাডাও বলেন, এই ছবি সেই সব সাধারণ মানুষের গল্প, যাঁদের অবদান আমরা প্রতিদিন দেখেও অনেক সময় গুরুত্ব দিই না। কঙ্গনা ছাড়াও ছবিতে অভিনয় করেছেন গিরিজা ওক, স্মিতা তাম্বে, অমৃতা নামদেব, ঈশা দে-সহ আরও অনেকে। আগামী ১২ জুন, ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ভারত ভাগ্য বিধাতা’।