হিন্দি ছবির চাপে হল থেকে সরবে না বাংলা সিনেমা, ‘সাধক বামাক্ষ্যাপা’ বিতর্কে বড় সিদ্ধান্ত সরকারের

বাংলা সিনেমার পাশে দাঁড়াতে এবার কড়া পদক্ষেপের পথে রাজ্য সরকার। হিন্দি ছবির জন্য প্রেক্ষাগৃহ থেকে বাংলা ছবি সরিয়ে দেওয়ার অভিযোগ ঘিরে তৈরি হওয়া বিতর্কের কেন্দ্রে এবার ‘সাধক বামাক্ষ্যাপা’। মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই দর্শকদের ভালো সাড়া, একাধিক প্রেক্ষাগৃহে হাউসফুল শো। তার পরেও আগামী শুক্রবার নতুন হিন্দি ছবি মুক্তির আগে এই বাংলা ছবির শো কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছিল তীব্র বিতর্ক। শেষ পর্যন্ত সেই বিতর্কে হস্তক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নবান্নে হল মালিক, প্রযোজক, পরিচালক এবং টলিউডের প্রতিনিধিদের নিয়ে বৈঠকের পর বাংলা সিনেমার প্রদর্শন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা সামনে এল।

আগামী ২৭ নভেম্বর মুক্তি পাওয়ার কথা যশরাজ ফিল্মস প্রযোজিত হিন্দি ছবি ‘ইয়ে প্রেম মোল লিয়া’। সেই ছবির জন্যই বিভিন্ন হল ও মাল্টিপ্লেক্সে ‘সাধক বামাক্ষ্যাপা’র শো সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে অভিযোগ। অথচ ২০ নভেম্বর মুক্তির পর থেকেই ছবিটি দর্শকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। একাধিক প্রেক্ষাগৃহে হাউসফুল শো চলার খবরও সামনে এসেছে। বাংলার মাটির গল্প, লোকবিশ্বাস এবং আধ্যাত্মিকতার আবহে তৈরি এই ছবিকে এভাবে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

এই পরিস্থিতিতেই মঙ্গলবার দুপুর ১টায় নবান্নে বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন রুদ্রনীল ঘোষ, ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ টলিউডের একাধিক পরিচিত মুখ। ছিলেন প্রযোজক, পরিচালক, সিনেমা পরিবেশক এবং হল মালিকদের প্রতিনিধিরাও। ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও মিঠুন চক্রবর্তী। বাংলা সিনেমার প্রদর্শন, হলের শো-সংক্রান্ত সমস্যা এবং শিল্পের ভবিষ্যৎ নিয়েই বিস্তারিত আলোচনা হয়।


বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রুদ্রনীল ঘোষ জানান, আলোচনা শুধু ‘সাধক বামাক্ষ্যাপা’কে কেন্দ্র করে হয়নি। সামগ্রিকভাবে বাংলা চলচ্চিত্র শিল্পের সমস্যাগুলি নিয়েই কথা হয়েছে। তাঁর কথায়, এই প্রথমবার শিল্পের বিভিন্ন ক্ষেত্রের মানুষকে একসঙ্গে ডেকে এমন আলোচনা করা হল। টেকনিশিয়ান থেকে শুরু করে প্রযোজক, পরিচালক, পরিবেশক এবং হল মালিক—বিভিন্ন স্তরের প্রতিনিধিরাই বৈঠকে উপস্থিত ছিলেন।

রুদ্রনীল আরও স্পষ্ট করে দেন, অন্য ভাষার সিনেমার সঙ্গে কোনও বিরোধ নেই। আপত্তি একটাই, কাউকে কিছু না জানিয়ে বাংলা সিনেমার শো তুলে দেওয়া বা সরিয়ে দেওয়া আর মেনে নেওয়া হবে না। অনেক সময় ছবির দর্শকসংখ্যা কম থাকলে হলের আসন ফাঁকা থাকে, সেটাও বাস্তব। কিন্তু দর্শকের সাড়া থাকা সত্ত্বেও শুধুমাত্র অন্য ভাষার ছবি মুক্তির কারণে বাংলা সিনেমাকে সরিয়ে দেওয়ার প্রবণতা বন্ধ হওয়া প্রয়োজন।

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, প্রাইম টাইমে বাংলা সিনেমার অন্তত একটি শো রাখতে হবে। সাধারণভাবে বিকেল ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত সময়কে প্রাইম টাইম হিসেবে বিবেচনা করে এই নির্দেশ কার্যকর করার কথা জানানো হয়েছে। কোনও হল মালিক এই নিয়ম না মানলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হতে পারে। প্রয়োজনে সরকারি তরফে চিঠি পাঠানো এবং হলের লাইসেন্স বাতিলের মতো কঠোর পদক্ষেপের বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে বলে জানিয়েছেন রুদ্রনীল।

শুধু নির্দেশ দিয়েই দায়িত্ব শেষ করতে চাইছে না সরকার। রাজ্যে নতুন করে ৫১টি সিনেমা হল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। তথ্য ও সংস্কৃতি দফতর ইতিমধ্যেই এই কাজ শুরু করেছে। ভবিষ্যতে হলের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি হল মালিকদের আর্থিক সমস্যার বিষয়টিও বৈঠকে উঠে এসেছে। অনেক হল মালিক জানিয়েছেন, সিনেমার ব্যবসা ভালো না হলে কর্মীদের বেতন দেওয়াও কঠিন হয়ে পড়ে। সেই সমস্যার কথা মাথায় রেখে তাঁদের জন্য আর্থিক সহায়তার বিষয়েও আলোচনা হয়েছে।

বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর এই উদ্যোগে স্বাভাবিকভাবেই আশাবাদী টলিউডের একটা বড় অংশ। বৈঠকের পর প্রযোজনা সংস্থা এসভিএফের তরফেও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়েছে। সংস্থার বক্তব্য, এই উদ্যোগের ফলে বাংলা সিনেমা নতুন করে প্রাণ পাবে।

প্রসঙ্গত, বাংলা ছবির জন্য প্রাইম টাইমে শো নিশ্চিত করার দাবি অবশ্য নতুন নয়। এর আগেও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে একাধিকবার এই বিষয়ে বৈঠক হয়েছিল। ২০২৫ সালের অগস্টে নন্দনে প্রযোজক, পরিচালক ও সিনেমা পরিবেশকদের নিয়ে বৈঠকে রাজ্যের হল-মাল্টিপ্লেক্সে সারা বছর প্রাইম টাইমে বাংলা ছবি দেখানোর আবেদন জানানো হয়েছিল। কিন্তু এত আলোচনার পরেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলেই অভিযোগ।

‘সাধক বামাক্ষ্যাপা’র মুক্তি নিয়েও এর আগে জটিলতা তৈরি হয়েছিল। বাংলায় করমুক্ত ‘রামায়ণ’ ছবির প্রদর্শনের কারণে গত ৬ নভেম্বর মুক্তির পরিকল্পনা থেকে পিছিয়ে আসতে হয়েছিল নির্মাতাদের। শেষ পর্যন্ত ২০ নভেম্বর মুক্তি পায় ছবিটি। মুক্তির পর দর্শকদের প্রশংসা এবং একাধিক হাউসফুল শোয়ের খবর সামনে এলেও ফের শো তুলে নেওয়ার আশঙ্কা তৈরি হয়। এবার নবান্নের বৈঠকের পর সেই পরিস্থিতিতে কিছুটা স্বস্তি ফিরল বলেই মনে করছে বাংলা চলচ্চিত্র মহলের একাংশ।

এদিকে বৈঠকের পর শুধু সিনেমা নিয়েই নয়, সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে ‘বিগ বস বাংলা সিজন ৩’-এর প্রসঙ্গও। এ বিষয়ে রুদ্রনীল ঘোষের বক্তব্য, বিগ বস আসলে একটি খেলা। সেখানে প্রতিদিন নতুন নতুন পরিস্থিতি ও চ্যালেঞ্জ তৈরি হয়। তাই প্রতিযোগীদের আচরণ বা কথাবার্তাকে ব্যক্তিগতভাবে না নিয়ে খেলাটিকে খেলা হিসেবেই দেখা উচিত। তবে এটি যেহেতু মানসিক চাপেরও খেলা, তাই অনেক সময় প্রতিযোগীরা নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তিনি নিজে প্রতিদিন অনুষ্ঠানটি না দেখলেও মাঝেমধ্যে চোখ রাখেন বলেও জানান।

সব মিলিয়ে ‘সাধক বামাক্ষ্যাপা’কে ঘিরে তৈরি হওয়া বিতর্ক বাংলা সিনেমার দীর্ঘদিনের একটি সমস্যাকে ফের সামনে এনে দিল। প্রশ্নটা শুধু একটি ছবির শো বাঁচানোর নয়। বাংলা ভাষার ছবি নিজের রাজ্যেই কতটা জায়গা পাবে, দর্শকের কাছে পৌঁছনোর সুযোগ কতটা পাবে, সেটাও বড় বিষয়। সরকারি নির্দেশে আপাতত কিছুটা স্বস্তি মিললেও বাস্তবে হল মালিকরা কতটা নিয়ম মানেন, আর বাংলা ছবির জন্য প্রাইম টাইমের জায়গা কতটা নিশ্চিত হয়, এখন সেটাই দেখার।