বৃষ্টিভেজা মিষ্টি সকালে ‘হ্যাটট্রিক’ আমিরের

PHOTO SOURCE-SNS

আজ রবিবার, বৃষ্টিতে ডুবে গিয়েছে মুম্বই শহর। তারই মধ্যে হয়ে গেল মধুর মিলন। আজ ৫ জুলাই, আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রী হিসেবে নতুন পথ চলা শুরু করলেন আমির খান ও গৌরী স্প্র্যাট। জানা গিয়েছে, দুপুর পৌনে একটা নাগাদ স্পেশাল ম্যারেজ অ্যাক্টে সই করেছেন আমির-গৌরী। আইনি ভাবে স্বামী-স্ত্রী হলেন আমির-গৌরী।

ছিমছাম সাজেই দেখা গিয়েছে নবদম্পতিকে। পরিবার ও কাছের লোকেদের সঙ্গে রেজিস্ট্রি পেপারে সই করেন দুজনে। বিয়েতে ছিলেন আমির খানের সন্তানেরাও। আজ ভোর থেকেই আমির খান ও গৌরী স্প্র্যাটের বিয়ে ঘিরে ছিল উৎসবের মেজাজ। বলি সুপারস্টারের বাড়ির সামনে ছিল কড়়া প্রহরা। উপস্থিত ছিল একাধিক সংবাদমাধ্যম।

গৌরীর সঙ্গে বিয়ে সেরে হ্যাটট্রিক করলেন আমির। নতুন দম্পতিকে শুভেচ্ছা জানাতে পৌঁছেছেন সপরিবারে আশুতোষ গোয়ারিকর, রাজনীতিবিদ রাজ ঠাকরে। আগেই পৌঁছে গিয়েছেন জুনায়েদ খান। স্বামী নুপূরের সঙ্গে পৌঁছেছেন আমির কন্যা ইরা খানও। তবে অতিরিক্ত বৃষ্টির জন্য রাস্তায় আটকে গিয়েছে মুকেশ অম্বানির কনভয়। গিয়েছেন কমেডিয়ান বীর দাসও।


সোশ্যাল মিডিয়ায় যে ছবি দেখা গিয়েছে তাতে দেখা গিয়েছে গৌরী ও আমিরের মাঝে দাঁড়িয়ে রয়েছে গৌরীর আগের পক্ষের ছেলে। তবে বরের বাড়ির রাজকীয় পোশাক নয়, তার গায়ে দেখা গিয়েছে ইন্টার মায়ামির একটি প্রতীক সম্বলিত গোলাপি ফুটবল জার্সি! নেটিজেনদের একাংশের মতে, এত বড় তারকার ঘরের অনুষ্ঠানেও ছোট ছেলের এমন ক্যাজুয়াল রূপ প্রমাণ করে যে, আমিরের পরিবার কতটা সাধারণ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপন করতে ভালোবাসে।

টেবিলের ওপর সুন্দর ফুলের তোড়া এবং জ্বলন্ত মোমবাতি পুরো পরিবেশটিতে একটি উৎসবের আবহ তৈরি করেছে। প্রসঙ্গত, বেঙ্গালুরুর মেয়ে গৌরী লন্ডনে ফ্যাশন ও স্টাইলিংয়ের কোর্স করে বর্তমানে মুম্বইয়ে একটি নামী স্যালন পরিচালনা করছেন। নিজের ৬০তম জন্মদিনে আমির সংবাদমাধ্যমের কাছে গৌরীকে পরিচয় করিয়ে দিয়ে মজার ছলে বলেছিলেন, ‘ভুবন অবশেষে তার গৌরীকে পেয়ে গিয়েছে’। কোটি কোটি টাকার আড়ম্বরের চেয়েও বেশি গুরুত্ব পাওয়া এই ঘরোয়া বিয়ের ছবি পোস্ট হওয়া মাত্রই এখন অনুরাগীদের শুভেচ্ছার জোয়ারে ভাসছে।