‘বাহুবলী’ নিয়ে এক মজার অভিজ্ঞতার কথা জানালেন অভিনেতা প্রভাস

‘বাহুবলী’ ছবি নিয়ে পরিচালকের এক মজার অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন সেই ছবিরই মুখ্য অভিনেতা প্রভাস। ‘বাহুবলী ‘ সিনেমা বিশ্বব্যাপী এতোটাই জনপ্রিয়তা পায় যে তার জন্য হাসপাতালে বিশেষ সুবিধা পান পরিচালক পুরি জগন্নাধ।

প্রভাস জানিয়েছেন, ‘বাহুবলী ১’ মুক্তির পর ব্লকবাস্টার হয়। ‘বাহুবলী ২’ শুটিং চলাকালীন সময়ের কথা। ছয় মাস পেরিয়ে গিয়েছে। পুরি ব্যাঙ্কক থেকে এদিন আমায় ফোন করেন। একটি ছোট সংক্রমণের জন্য তাঁকে হাসপাতালে যেতে হয়েছিল। অপেক্ষা করার সময় এক নার্স তাঁকে জিজ্ঞেস করেন, তিনি কি ভারত থেকে এসেছেন। তিনি হ্যাঁ বলতেই নার্স আরও জানতে চান ‘বাহুবলী’।

এরপর প্রভাস বলেন, ‘পুরি পুরো অবাক হয়ে যান। তিনি নার্সকে জিজ্ঞাসা করেন, তিনি কি সিনেমাটি দেখেছেন?  নার্স বলেন, শুধু তিনিই নন হাসপাতালের সবাই সিনেমাটি দেখেছেন। এমনকী ডাক্তারও ছবিটির ভক্ত বলে জানান ওই নার্স। তখন পুরি আমাদের একসঙ্গে তোলা একটি ছবি দেখিয়ে বলেন, তিনি আমার বন্ধু। সঙ্গে সঙ্গে নার্স ছবিটি ডাক্তারকে দেখিয়ে বলেন, উনি বাহুবলীর বন্ধু। এরপর আর অপেক্ষা করতে হয়নি। তাঁকে সঙ্গে সঙ্গে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়।‘


প্রভাস জানান, এই ঘটনার পরই পুরি তাঁকে একটি ভয়েস মেসেজ পাঠিয়ে পুরো ঘটনাটি শোনান। সেই সময় তিনি পরিচালক রাজামৌলি এবং প্রযোজক রাম রাজামৌলির সঙ্গে শুটিংয়ের সেটে ছিলেন। ভয়েস মেসেজ শোনার পর তাঁরা সবাই অবাক হয়ে যান। বাহুবলীর জনপ্রিয়তা জাপানের পাশাপাশি ব্যাঙ্ককেও পৌঁছে গিয়েছিল।

প্রভাস আরও বলেন, জাপানে ছবিটি খুব জনপ্রিয় হয়েছিল তা আমাদের জানা ছিল। কিন্তু ব্যাঙ্ককেও এতটা জনপ্রিয় হয়েছে সেটা আমরা জানতাম না। এই প্রথমবার আমরা শুনলাম। ‘বাহুবলীর বন্ধু’ এই পরিচয়েই পরিচালক যে সুবিধা পেয়েছিলেন, সে কথা এখনও আমার মনে আছে।

মুক্তির এক দশক পরেও বাহুবলী ভারতীয় সিনেমার অন্যতম ঐতিহাসিক সিনেমা হিসেবে বিবেচিত হয়। আর এই ছবির মাধ্যমে বিশ্বজুড়ে প্রভাসেরও জনপ্রিয়তা বৃদ্ধি পায়।