বলিউডে খুব অল্প সময়ের মধ্যেই নিজেকে প্রমাণ করেছেন আয়ুষ শর্মা। নিজের পারিবারিক পরিচিতি কাজে লাগিয়ে নয়, অভিনয় দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি দ্রুত নিজের পরিচিতি তৈরি করেছেন। এর আগে লাভযাত্রী, অন্তিম দ্যা ফাইনাল ট্রুথ-এর মতো সিনেমায় অভিনয় করলেও এবারে অ্যাকশন সিনেমায় দেখা যাবে তাঁকে।
অভিনেতা ইতিমধ্যেই শ্যুটিং শুরু করেছেন উত্তর প্রদেশের পবিত্র শহর বারাণসীতে। দীর্ঘদিন ধরেই তিনি এমন একটি চিত্রনাট্যের সন্ধানে ছিলেন, যেখানে তিনি নিজেকে প্রমাণ করতে পারবেন। সেই সঙ্গে চকোলেট বয় ইমেজ ছেড়ে অ্যাকশন হিরো হিসেবে নিজেকে দর্শকদের কাছে প্রমাণ করতে পারবেন। অবশেষে এই চিত্রনাট্যের হাত ধরে নিজের সমস্ত আকাঙ্খা পূরণ করতে পারবেন, এমনটাই মনে করছেন আয়ুষ।
এরই মধ্যে সামনে এসেছে শ্যুটিংয়ের ছবি। সেখানে দেখা যাচ্ছে, বারাণসীর ঘাটে আরতি করছেন অভিনেতা। এছাড়াও ওই ছবিতে দেখা গিয়েছে শ্যুটিংয়ের সরঞ্জামের জিনিসপত্র। বারাণসীতে পছন্দের হিরোকে দেখতে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ। তবে তিনি একা সেখানে যাননি। বারাণসীর ঘাটে শ্যুটিংয়ের সময়ে অভিনেতার মা-ও সেখানে উপস্থিত ছিলেন।
অভিনেতা, সলমন খানের ভগ্নিপতী হওয়ার কারণে লাইমলাইট সর্বদা তাঁর উপরে থাকেই। কিন্তু তারপরেও নিজের ব্যক্তিগত জীবন লোকচক্ষুর আড়ালে রাখেন আয়ুষ। যদিও বর্তমানে এই সিনেমা সম্পর্কে বিস্তারিতভাবে কোনও তথ্য সামনে আসেনি। তবে আশা করা যাচ্ছে, প্রতিবারের মতো এই সিনেমাতেও হিরোইন হিসেবে দেখা যাবে কোনও নতুন মুখকে। জানা গিয়েছে, অভিনেতার পরিশ্রমের আরও একটি নিদর্শন। এই সিনেমায় সমস্ত অ্যাকশন আয়ুষ নিজেই করবেন। ব্যবহার করবেন না কোনও বডি ডাবল।
আয়ুষ বরাবরই নিজের পরিবারকে গুরুত্ব দিয়ে এসেছেন। আদ্য়পান্ত ফ্যামিলি ম্যান বলতে যা বোঝায়, আয়ুষ ঠিক তাই। পরিবারের বিপদে-আপদে সবসময় তিনি উপস্থিত থাকেন। কখনও কখনও সশরীরে উপস্থিত থাকতে না পারলেও তিনি পরিবারের ফোনের মাধ্যমে খবর দেন। অভিনেতার বাবা রাজনীতির সঙ্গে ওতোপ্রোতভাবে যুক্ত। তারপরেও রাজনীতিকে পেশা না করে অভিনয়কেই নিজের ভালোবাসা বানিয়েছেন। কিন্তু সবসময় তিনি তাঁর মাকে পাশে পেয়েছেন। আর সেই কারণে তিনি মা-কে অত্যন্ত ভালোবাসেন। প্রতিটা সিনেমার শ্যুটিংয়ের মহরতে অভিনেতা নিজের মা-কে নিয়ে যান। প্রথম শট দেওয়ার আগে নিজের মা-কে প্রণাম করে কাজ শুরু করেন। নিজের শ্যুটিংয়ের শেষদিনেও ফ্লোরে নিজের মা-কে নিয়ে যান। ঘুরিয়ে দেখান সবটা।