সিনেমায় গান না গাওয়ার কথা কিছুদিন আগেই সমাজ মাধ্যমে জানিয়েছিলেন গায়ক অরিজিৎ সিং। সেই ঘোষণার পর থেকেই তাঁর আগামী পরিকল্পনা নিয়ে নানা জল্পনা চলছিল। এর মধ্যেই আচমকা মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অরিজিতের বাড়িতে উপস্থিত হলেন বলিউড অভিনেতা আমির খান।
সেই মুহূর্তের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠছে, দু’জনের মধ্যে কি নতুন কোনও কাজের আলোচনা চলছে?স্থানীয় সূত্রের দাবি, রবিবার সন্ধ্যায় জিয়াগঞ্জে আসেন আমির খান। ওই রাত তিনি বহরমপুরেই একটি হোটেলে কাটান। পরদিন দুপুরে ফের অরিজিতের বাড়িতে পৌঁছন অভিনেতা। তাঁর আসার খবরে মানুষের ভিড় জমে যায় অরিজিতের বাড়ির সামনে।
চোখে পড়ার মতো ছিল সেই দৃশ্য। গাড়ি থেকে নেমে আমির খান উপস্থিত জনতাকে অভিবাদন জানিয়ে অরিজিতের বাড়িতে প্রবেশ করেন। পরে দু’জন একসঙ্গে মধ্যাহ্নভোজও করেছেন বলে স্থানীয় সূত্রে খবর।
যদিও এই সাক্ষাৎ নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি অরিজিৎ বা আমির কেউই। অরিজিতের ঘনিষ্ঠ মহলেও নীরবতা। ফলে হঠাৎ এই সাক্ষাৎ নিছক সৌজন্য সাক্ষাৎ, নাকি আসন্ন কোনও নতুন প্রজেক্টের ইঙ্গিত তা নিয়ে জল্পনা আরও জোরালো হচ্ছে