১৭ বছর পর ফিরছে ‘থ্রি ইডিয়টস’, ফের একসঙ্গে আমির-মাধবন-শর্মন

ফাইল চিত্র

বলিউডের অন্যতম জনপ্রিয় ছবি ‘থ্রি ইডিয়টস’-এর দ্বিতীয় পর্ব নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনাতেই শিলমোহর পড়ল। জানা গিয়েছে, আমির খান ইতিমধ্যেই ‘থ্রি ইডিয়টস ২’-এর কাজ শুরু করে দিয়েছেন। বর্তমানে ছবির প্রাথমিক প্রস্তুতির কাজ চলছে।

চলচ্চিত্র জগত সূত্রের দাবি, প্রথম ছবির জনপ্রিয় তিন চরিত্র— রাঞ্চো, ফারহান এবং রাজু ফের একসঙ্গে ফিরতে চলেছে বড় পর্দায়। অর্থাৎ আমির খান, আর মাধবন এবং শর্মন জোশীকে ফের একসঙ্গে দেখা যাবে এই ছবিতে। এই খবর সামনে আসতেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে অনুরাগীদের মধ্যে।

সবচেয়ে বড় চমক হল, নতুন ছবিতে বড় সময়ের ব্যবধান দেখানো হবে। অর্থাৎ ২০০৯ সালের ছবিতে যেভাবে তিন বন্ধুকে দেখা গিয়েছিল, এবার তারা জীবনের সম্পূর্ণ অন্য এক পর্যায়ে থাকবে। তবে গল্পটি প্রথম ছবির ঘটনার আগে না পরে এগোবে, তা এখনও স্পষ্ট নয়। এই রহস্য আপাতত গোপন রেখেছেন আমির খান নিজেই।


সূত্রের খবর, প্রথম ছবির পরিচালক রাজকুমার হিরানিও ফের পরিচালনার দায়িত্ব নিতে পারেন। যদিও নির্মাতাদের তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবুও বলিউড মহলে জোর গুঞ্জন, খুব শীঘ্রই বড় ঘোষণা আসতে পারে।

২০০৯ সালে মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস’ শুধু বাণিজ্যিক সাফল্যই পায়নি, ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম প্রভাবশালী ছবির মর্যাদাও অর্জন করে। শিক্ষাব্যবস্থা, বন্ধুত্ব, স্বপ্ন এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি— সবকিছুই অন্যভাবে ভাবতে শিখিয়েছিল এই ছবি। বিশেষ করে আমির খানের ‘রাঞ্চো’ চরিত্রটি দর্শকদের কাছে আজও অত্যন্ত জনপ্রিয়।

ছবিতে আমির খান, আর মাধবন এবং শর্মন জোশীর পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন করিনা কাপুর খান, বোমান ইরানি এবং মোনা সিং। বিশ্বজুড়ে এই ছবি ৪০০ কোটিরও বেশি ব্যবসা করেছিল বলে জানা যায়। দীর্ঘ ১৭ বছর পর সেই জনপ্রিয় ত্রয়ী ফের একসঙ্গে ফিরতে চলেছে— এই খবরেই এখন উচ্ছ্বসিত বলিউডপ্রেমীরা।