পর্ব ১: ‘মণিহারা’ গল্পে মণিমালিকা, যে নারীর কাছে স্বামী আলাদীনের জিনি!

Image: AI নির্মিত

গা ছমছমে ভূতের গল্প ভালবাসেন? নিশিযাপনের রতিকাহিনীতে বিনোদন খুঁজে পান? আধুনিক বক্সঅফিসের গোপন সূত্র অনুযায়ী, এই দুইয়ের মেলবন্ধনে কর্পোরেট নি:সঙ্গতা কাটাতে চান? রমণকথায় সাহিত্যের আস্ফালন সন্ধানী পাঠকদের নিরাশ করবেন রবীন্দ্রনাথ। তার গল্পে প্রেতও মানবী হয়ে ওঠে চেতনায় ও মননে। রবীন্দ্রনাথের গল্পে নারীরা চরিত্র অনুসারী। তাদের কথা বলার ভাষা, শব্দচয়নে সারল্য ও কাঠিন্যের এক আশ্চর্য্য সমাহার তাকে সমকালীন সাহিত্যসেবকদের থেকে স্বতন্ত্র করে তুলেছে। ভাবখানা এমন যেন ভালবাসা, অভিমান, বাৎসল্য সবই দিতে পারি। কিন্তু কেন দেব? কেড়ে নাও!

তাই স্বামীর সহজলভ্যতায় তার চারিত্রিক দৃঢ়তা খান খান হয়ে যায় । নারীর আবেগ পদ্মপাতায় জলের ফোটার মত টল টল করে আধারের সন্ধানে। সে পুরুষকেই আঁকড়ে ধরতে চায়, তবে বিষয়ী করে । তবে কি নারীমনে গভীরতার অভাব? আসলে নারী – পুরুষের চিরন্তন দ্বান্দ্বিকতায় ও মিলনে যে সভ্যতার সৃষ্টি, প্রতি গল্পে ‘ব্রাহ্ম’ রবীন্দ্রনাথ তা স্মরণ করেন বলেই একসময় অতি-ধর্মাশ্রয়ীরা বিধান দিত। সে কথা ব্যঙ্গার্থে প্রযুক্ত হলেও তার এক সদর্থক দিকও ছিল| নারী পুরুষের কলহপ্রিয়তায় সোহাগের বার্তা। এই প্রসঙ্গে সংসারে সন্ন্যাসী সেই প্রথম মহাযুদ্ধের হাবিলদার মশাইয়ের “আমার কৈফিয়ৎ” মনে পড়ে যায়। এ দ্বৈরথে স্বামীর আপ্তবাক্য যেন “ঘুঁটে পোড়ে গোবর হাসে” স্ত্রীর ইস্তেহারে ।

“…..প্রতি শনিবারী চিঠিতে প্রেয়্সী গালি দেন, “তুমি হাঁড়িচাঁচা।”


অমি বলি, “প্রিয়ে, হাটে ভাঙি হাঁড়ি!”

অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি….”

এই গল্পে রসিক রবীন্দ্রনাথ তাই লিখলেন, “নরনারীর ভেদ হইয়া অবধি স্ত্রীলোক দুরন্ত পুরুষকে নানা কৌশলে ভুলাইয়া বশ করিবার বিদ্যা চর্চা করিয়া আসিতেছে। যে-স্বামী আপনি বশ হইয়া বসিয়া থাকে তাহারা স্ত্রী-বেচারা একেবারেই বেকার…”

Image: AI নির্মিত

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মণিহারা’ গল্প ফণিভূষণ সাহা ও তাঁর স্ত্রী মণিমালার দাম্পত্যজীবনকে কেন্দ্র করে এক রহস্যময় কাহিনি। মণিমালা অত্যন্ত গয়নাপ্রিয়। তার কাছে অলংকার জীবনের নিরাপত্তা ও নিজের অধিকারের প্রতীক। ফণিভূষণ স্ত্রীকে ভালোবাসতেন এবং তার সমস্ত ইচ্ছা পূরণ করার চেষ্টা করতেন। কিন্তু এই অতিরিক্ত প্রশ্রয়ও তাদের দাম্পত্যের গভীর মানসিক দূরত্ব দূর করতে পারেনি। একসময় ব্যবসায়িক প্রয়োজনে ফণিভূষণের অর্থের দরকার হয়। তিনি স্ত্রীর কাছে তাঁর গয়না সাময়িকভাবে দেওয়ার কথা বলেন।

মণিমালা এতে আতঙ্কিত হয়ে ওঠে। নিজের সমস্ত গয়না নিয়ে সে গোপনে চলে যায়—কোথায় যায়, তার নিশ্চিত খবর আর পাওয়া যায় না। এরপর শুরু হয় গল্পের রহস্য। মণিমালা কি সত্যিই হারিয়ে গেছে, নাকি তার পরিণতির সঙ্গে অলৌকিক কোনও ঘটনা জড়িয়ে আছে—তা স্পষ্ট হয় না। পরবর্তী ঘটনাগুলিতে ফণিভূষণের মনে মণিমালার উপস্থিতি ক্রমশ আরও প্রবল হয়ে ওঠে। গল্পের শেষ পর্যন্ত রবীন্দ্রনাথ পাঠককে নিশ্চিত উত্তর দেন না। মণিমালার ফিরে আসা বাস্তব, নাকি স্মৃতি, অপরাধবোধ ও আতঙ্কের সৃষ্টি—এই অনিশ্চয়তাই ‘মণিহারা’-র মূল রহস্য। গল্পটির গভীরে রয়েছে দাম্পত্যের দূরত্ব, সম্পদের প্রতি আসক্তি, ভালোবাসার অপূর্ণতা এবং মানুষের মনের অন্ধকার।

মণিমালিকাকে কেন্দ্র করেই মণিহারা গল্পের চিত্রপট নির্মাণ। রবীন্দ্রসাহিত্যে এমন অস্বাভাবিক নারীচরিত্রের দৃষ্টান্ত খুব বেশি পাওয়া যায় না। তাঁর সমগ্র সত্তার মধ্যে যে অস্বাভাবিকতার প্রকাশ ঘটেছে, তা একান্তই স্বতন্ত্র। নারীর এক অভিনব রূপের উন্মোচনের পাশাপাশি এই চরিত্রের মধ্য দিয়ে এক গভীর ও বিচিত্র জীবনভাবনা প্রকাশিত হয়েছে।

ইস্কুলমাস্টার যে মণিমালিকার কাহিনি বর্ণনা করেছেন, সেই মণিমালিকার হৃদয় যেন শীতল পাথরে নির্মিত। সে চিরযৌবনা, অপরূপ সুন্দরী। নিজের সৌন্দর্য ও যৌবনের সামান্যতম অপচয়ও সে ঘটতে দেয়নি। লোকমুখে প্রচলিত ছিল, চব্বিশ বছর বয়সেও তাকে চোদ্দো বছরের কিশোরীর মতোই কাঁচা দেখাত। জড়বস্তুর মতো তার রূপ ও যৌবনে কোনও ক্ষয় বা পরিবর্তন ছিল না। তার চরিত্রে কোথাও কোনও অপব্যয় কিংবা আবেগের অতিরিক্ত প্রকাশ দেখা যায় না। সে খুব বেশি কথা বলত না, পাড়া-প্রতিবেশীদের সঙ্গেও তার বিশেষ ঘনিষ্ঠতা ছিল না। ব্রত উপলক্ষে ব্রাহ্মণভোজন করানো কিংবা কোনও বৈষ্ণবীকে ভিক্ষা দেওয়ার মতো সামাজিক বা ধর্মীয় আচরণও তার স্বভাবের অংশ হয়ে ওঠেনি। তার হাতে কোনও বস্তু নষ্ট হতো না। একমাত্র স্বামীর ভালোবাসা ছাড়া সে জীবনে যা কিছু পেয়েছে, তা যত্ন করে সঞ্চয় করেছে।

জমিয়ে রাখার এই প্রবণতা যেন তার স্বভাবের গভীরে প্রোথিত ছিল। শয়নকক্ষের কাঠের আলমারিতে আবাল্য সংগৃহীত চিনের পুতুল, সুগন্ধির শিশি, রঙিন কাচের ডিক্যান্টার, শৌখিন বাসনপত্র, সমুদ্রের বড় বড় কড়ি, এমনকি সাবানের খালি বাক্স পর্যন্ত সযত্নে সাজানো থাকত। যে সমস্ত বস্তু জড়, যা সংগ্রহ করে রাখা যায়, সেগুলির প্রতিই তার আকর্ষণ ছিল প্রবল। এই গল্পে স্কুল মাস্টারের ধারাভাষ্যে রবীন্দ্রনাথ কি নিজের চিন্তা ব্যক্ত করেছেন? প্রিয়া স্ত্রীরা নিরীহ স্বামী পছন্দ করেন না| এই প্রসঙ্গে বলতে গিয়ে স্কুল মাস্টার বলছেন, “সাধারণত স্ত্রীজাতি কাঁচা আম, ঝাল লঙ্কা এবং কড়া স্বামীই ভালোবাসে। যে দুর্ভাগ্য পুরুষ নিজের স্ত্রীর ভালোবাসা হইতে বঞ্চিত সে-যে কুশ্রী অথবা নির্ধন তাহা নহে, সে নিতান্ত নিরীহ।” তবে সেই আমলেও নিরীহ স্বামী হওয়া অলিখিতভাবে ছিল আসামির মতোই ।

আরও পড়ুন: অন্ধজনের আলো হেলেন কেলার

এই সামাজিক চেতনা আজও অবিকল রয়েছে। পাঠক বেলজিয়াম গ্লাস আয়নার সামনে দাঁড়িয়ে নিজ প্রতিবিম্ব দেখে এর সত্যতা বিচার করতে পারেন। ফণিভূষণের স্ত্রী মণিমালিকা কোনও চেষ্টা না করেই স্বামীর আদর পেত, অশ্রু না ফেলেই পেত ঢাকাই শাড়ি, আর কোনও আবদার না করেই পেত বাজুবন্ধ। ধীরে ধীরে এই সহজে পাওয়ার অভ্যাসে তার ভালোবাসার মধ্যেও যেন কোনও চাওয়া-পাওয়া, দেওয়া-নেওয়ার জায়গা রইল না। সে শুধু গ্রহণ করত, কিছু ফিরিয়ে দিত না। আর তার সরল, নিরীহ স্বামীটি মনে করত, ভালোবাসার প্রমাণ হল দান—যত বেশি দেবে, তত বেশি ভালোবাসা ফিরে পাবে। তাই স্ত্রীকে অধিগত রাখার চিরন্তনী কায়দায় প্রত্যাখ্যানও মোক্ষম অস্ত্র হতে পারে |

প্রসঙ্গে ফিরে আসি| মণিমালিকার হৃদয় ছিল অনুভূতিহীনতার শীতলতায় আচ্ছন্ন। সেখানে জীবনের উচ্ছ্বাস কিংবা স্নেহের উষ্ণতার বিশেষ স্থান ছিল না। যাদের হৃদয়ে ভালোবাসার প্রবাহ বাধাপ্রাপ্ত, তারা হয়তো দীর্ঘকাল নিজেদের অন্তর ও বাহিরকে একইভাবে সংরক্ষণ করে রাখতে পারে। তাদের অস্তিত্ব যেন এমন এক কূপ, যার গভীরে সবকিছু জমা থাকে, কিন্তু বাইরে তার কোনও সজীব প্রকাশ ঘটে না। এই শীতল হৃদয় নিয়ে মণিমালিকা কারও জন্য বিশেষ চিন্তা করত না, কাউকে ভালোবাসার প্রয়োজনও অনুভব করত না। তার জীবন সীমাবদ্ধ ছিল কাজ করা এবং সম্পদ সঞ্চয়ের মধ্যে। ফলে রোগ, শোক কিংবা মানসিক অস্থিরতা তাকে সহজে স্পর্শ করত না। সুস্বাস্থ্য, স্থিরতা এবং ক্রমবর্ধমান সম্পদের মধ্যে সে একরকম নির্বিকার জীবনযাপন করত।

সন্তানহীনতাও তার এই স্থিতাবস্থায় বিশেষ কোনও পরিবর্তন আনতে পারেনি। বিধাতা যেন সতেজ ও সম্ভাবনাময় এক লতার মতো মণিমালিকাকে ফলহীন করে রেখেছিলেন। তাকে এমন কোনও সন্তান দেননি, যার প্রতি স্নেহ নিবেদন করতে গিয়ে তার হৃদয়ের কঠিন আবরণ গলে যেতে পারত। এমন কোনও প্রাণও তার জীবনে আসেনি, যাকে সে নিজের সঞ্চিত অলংকারের চেয়েও মূল্যবান বলে অনুভব করতে পারত। তার সমস্ত স্নেহ যেন বস্তুজগতের প্রতি নিবদ্ধ ছিল। এই বস্তুপ্রেমই তার অলংকারপ্রেমের মূল উৎস। ফণিভূষণ সেখানে কেবল একটি উপলক্ষ মাত্র।

ফণিভূষণ ইংরেজি শিক্ষায় শিক্ষিত আধুনিক যুবক। সেই সময়ের নবশিক্ষিত বাঙালি যুবকদের মধ্যে স্ত্রীকে কেবল গৃহিণী হিসেবে নয়, প্রেমিকা ও জীবনসঙ্গিনী হিসেবে পাওয়ার যে রোমান্টিক আকাঙ্ক্ষা জন্ম নিয়েছিল, ফণিভূষণের মধ্যেও তার প্রবল উপস্থিতি ছিল। তিনি প্রচলিত স্বামীত্বের কর্তৃত্বকে একপাশে সরিয়ে স্ত্রীকে ভালোবাসার বন্ধনে কাছে পেতে চেয়েছিলেন। ফলে তাঁর আচরণে স্বামীর অধিকারবোধের পরিবর্তে প্রেমিকের কোমল আকাঙ্ক্ষাই অধিক কার্যকর হয়ে উঠেছিল। প্রচলিত দাম্পত্যনীতির যে অসামঞ্জস্য তৈরি হয়েছিল, তা ইস্কুলমাস্টারের রসিক অথচ গভীর পর্যবেক্ষণে প্রকাশ পেয়েছে।

পুরুষের পক্ষে স্ত্রীর ভালোবাসার প্রতিটি সূক্ষ্ম পরিবর্তনকে নিরন্তর বিচার করা সম্ভব নয়। স্ত্রী কতখানি ভালোবাসা পেলেন, কোথায় সামান্য ঘাটতি রয়ে গেল, কথার অন্তরালে কোন অনুভূতি লুকিয়ে আছে—এসব সূক্ষ্ম হিসাব পুরুষের স্বাভাবিক প্রবৃত্তির সঙ্গে সবসময় সামঞ্জস্যপূর্ণ নয়। কিন্তু নারীরা পুরুষের ভালোবাসার সামান্যতম লক্ষণও গভীর মনোযোগে বিচার করে। কথার ভঙ্গি থেকে প্রকৃত অভিপ্রায়, আর ভঙ্গির আড়াল থেকে লুকোনো অনুভূতি আবিষ্কার করার চেষ্টা করে। কারণ পুরুষের ভালোবাসাই নারীর জীবনের অন্যতম প্রধান অবলম্বন। সেই ভালোবাসার গতিপ্রকৃতি বুঝে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে পারলেই দাম্পত্যজীবনে তার নিরাপত্তা ও সার্থকতা প্রতিষ্ঠিত হয়। এই কারণেই নারীর হৃদয়ে ভালোবাসার পরিমাণ নির্ণয়ের এক সূক্ষ্ম অনুভূতি প্রকৃতি স্থাপন করেছে—যা পুরুষের মধ্যে একইভাবে সক্রিয় নয়। এই সাধারণ দাম্পত্যবাস্তবতার প্রেক্ষাপটেই মণিমালিকার চরিত্রকে বিচার করা প্রয়োজন।

ফণিভূষণের আচরণের অন্তরালে যে প্রেমিকসত্তা সক্রিয় ছিল, মণিমালিকা সেই অনুভূতিকে বুঝতে পারেনি। বোঝার চেষ্টাও তার মধ্যে বিশেষভাবে দেখা যায়নি। তার শিক্ষাগত সীমাবদ্ধতা ও মানসিক গঠনের স্থূলতা ফণিভূষণের সূক্ষ্ম আবেগকে উপলব্ধি করার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। সাধারণত সংসারে স্ত্রী স্বামীকে যতটা চেনে, স্বামীকে তার চেয়ে বেশি বোঝার ক্ষমতা স্ত্রীর থাকে। কিন্তু স্বামীর প্রকৃতি যদি অত্যন্ত সূক্ষ্ম ও জটিল হয়, তবে নারীর অভিজ্ঞতানির্ভর বিচারবোধেও তার সমগ্র সত্তা ধরা পড়ে না। ফণিভূষণের ক্ষেত্রেও এই সত্য প্রযোজ্য ছিল। মণিমালিকা তার স্বামীকে সম্পূর্ণভাবে বুঝতে পারেনি। “স্বামীকে সে আপন ঢাকাই শাড়ি এবং বাজুবন্ধ জোগাইবার যন্ত্রস্বরূপ জ্ঞান করিত; যন্ত্রটিও এমন সুচারু যে, কোনোদিন তাহার চাকায় এক ফোঁটা তেল জোগাইবারও দরকার হয় নাই।”

Image: AI নির্মিত

নারীর দীর্ঘদিনের সামাজিক অভিজ্ঞতা ও প্রচলিত সংস্কার থেকে যে স্বামী-সম্পর্কিত ধারণা গড়ে ওঠে, আধুনিক শিক্ষায় শিক্ষিত কিছু পুরুষ তার সীমার বাইরে অবস্থান করেন। তাঁরা প্রচলিত পুরুষচরিত্রের পরিচিত ছাঁচে নিজেদের স্থাপন করেন না। ফলে নারীর কাছে তাঁরাও এক ধরনের রহস্যময় সত্তায় পরিণত হন। সাধারণ পুরুষের মধ্যে যে কয়েকটি পরিচিত বৈশিষ্ট্য সহজে চিহ্নিত করা যায়—কেউ রূঢ়, কেউ নির্বোধ, কেউ অন্ধ কর্তৃত্বপরায়ণ—ফণিভূষণের মধ্যে তার কোনোটি স্পষ্টভাবে খুঁজে পাওয়া যায়নি। শিক্ষিত আন্তর্জাতিক স্বামীরা আজকের দিনে মুঠোভাষে সময় দিতে দিতে কি রবীন্দ্রনাথের এই কথাগুলোয় নিজেকে খুঁজে পাবে না?

“স্ত্রীর ভালোবাসা ঠিক কতটা পাইলাম, ঠিক কতটুকু কম পড়িল, অতি সূক্ষ্ণ নিক্তি ধরিয়া তাহা অহরহ তৌল করিতে বসা কি পুরুষমানুষের কর্ম! স্ত্রী আপনার কাজ করুক, আমি আপনার কাজ করি, ঘরের মোটা হিসাবটা তো এই। অব্যক্তের মধ্যে কতটা ব্যক্ত, ভাবের মধ্যে কতটুকু অভাব, সুস্পষ্টের মধ্যেও কী পরিমাণ ইঙ্গিত, অণুপরমাণুর মধ্যে কতটা বিপুলতা– ভালোবাসাবাসির তত সুসূক্ষ্ণ বোধশক্তি বিধাতা পুরুষমানুষকে দেন নাই, দিবার প্রয়োজন হয় নাই।” স্বামী স্ত্রীর চরিত্র-বিশ্লেষণে এই সুখ বিমুখ পাঠকদের জন্যেও অবশ্য দিব্যি রসদ জুগিয়েছেন রবীন্দ্রনাথ । “আপনি বিরক্ত হইতেছেন! একলা পড়িয়া থাকি, স্ত্রীর নিকট হইতে নির্বাসিত; দূর হইতে সংসারের অনেক নিগূঢ় তত্ত্ব মনের মধ্যে উদয় হয়– এগুলো ছাত্রদের কাছে বলিবার বিষয় নয়, কথাপ্রসঙ্গে আপনাকে বলিয়া লইলাম, চিন্তা করিয়া দেখিবেন।” স্কুলমাস্টারের মরুভূমির মত জীবনে মরূদ্যান নয়, মরীচিকা দিয়েই ছিনিয়ে নিয়েছেন জলতৃষ্ণা!

মণিমালিকা পিত্রালয় থেকে যে মানসিক সংস্কার নিয়ে এসেছিল, সেখানে পুরুষকে সে মূলত কর্তৃত্বপরায়ণ, অজ্ঞ অথবা একগুঁয়ে সত্তা হিসেবেই চিনেছিল। তার বাইরে ফণিভূষণের সূক্ষ্ম প্রেমিকসত্তাকে উপলব্ধি করার মতো শিক্ষাগত ও মানসিক প্রস্তুতি তার ছিল না। স্বামীকে নিজের নিয়ন্ত্রণে রাখার কিছু প্রচলিত কৌশল সে বাপের বাড়ির সংস্কার থেকেই শিখে এসেছিল।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আবেদন, নেতাজি তদন্তে নতুন কমিশন চায় ভারত

এইভাবেই তার নারীসত্তার স্বাভাবিক প্রকাশ এবং ভালোবাসার আদান-প্রদানের প্রবণতা ক্রমে নিঃশেষিত হয়েছিল। সে গ্রহণ করত, কিন্তু বিনিময়ে কিছু দেওয়ার প্রয়োজন অনুভব করত না। স্বামীকে নিজের করে পাওয়ার যে আবেগ ও আকাঙ্ক্ষা দাম্পত্যসম্পর্ককে প্রাণবন্ত করে, তার মধ্যেও তা ক্রমশ ক্ষীণ হয়ে গিয়েছিল। দাম্পত্যজীবনের এই অসমতা মণিমালিকার হৃদয়কে আরও নির্লিপ্ত করে তুলেছিল। সাধারণত নারী-পুরুষের পারস্পরিক আকর্ষণ, আবেগ ও প্রতিক্রিয়ার মধ্য দিয়ে সম্পর্কের প্রাণশক্তি বজায় থাকে। কিন্তু মণিমালিকার ক্ষেত্রে সেই স্বাভাবিক আবেগের বিকাশ ঘটেনি।

মানুষের প্রত্যেক প্রবৃত্তি তার যথাযথ প্রকাশ ও চর্চার মধ্য দিয়ে পরিপূর্ণতা লাভ করে। যে স্বাভাবিক ক্ষমতা বা আকাঙ্ক্ষাকে কোনো কাজে নিয়োজিত করা যায় না, তার মধ্যেও এক ধরনের অপূর্ণতা জন্ম নেয়। দাম্পত্যসম্পর্কেও এই সত্য প্রযোজ্য।

স্বামীকে পরিত্যাগ করে অলংকারসহ বাপের বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিতে তার অন্তরে বিশেষ দ্বিধা দেখা দেয়নি। তবে পিত্রালয়ে যথাযথ অভ্যর্থনা পাওয়ার ব্যাপারে নিশ্চিত না হলে সে হয়তো এই সিদ্ধান্ত নিতে সাহস পেত না। বাপের বাড়ির মানুষ মধুসূদনের মানসিকতা বুঝতে তার অসুবিধা হয়নি। কারণ সেই ধরনের বৈষয়িক ও স্বার্থনির্ভর মানুষকেই সে দীর্ঘদিন ধরে চিনে এসেছে। কিন্তু ফণিভূষণের মতো সূক্ষ্ম অনুভূতিসম্পন্ন মানুষ তার অভিজ্ঞতার পরিসরের বাইরে ছিল। এই সীমাবদ্ধতার কারণেই মণিমালিকা মানুষের হৃদয়ের মূল্য উপলব্ধি করতে পারেনি। তার কাছে দৃশ্যমান সম্পদ ও অলংকারের মূল্য অনেক সময় মানুষের ভালোবাসার চেয়েও অধিক হয়ে উঠেছিল।

সোনা, হীরা ও মণিমুক্তার প্রতি তার আকর্ষণ ছিল গভীর। ফণিভূষণের ভালোবাসা মিশ্রিত হয়ে যে অলংকারগুলি তার হাতে পৌঁছেছিল, মণিমালিকার ব্যবহার ও মানসিকতার কারণে সেগুলি শেষ পর্যন্ত নিছক জড়বস্তুতে পরিণত হয়েছিল। স্বামী ভালোবাসা নিবেদন করেছিলেন, আর স্ত্রী সেই ভালোবাসার দৃশ্যমান রূপকে সম্পদ হিসেবে জমিয়ে রেখেছিল। এই কারণেই মণিমালিকাকে আমরা অলংকারে সজ্জিত অবস্থায় বিশেষভাবে দেখতে পাই না। অলংকার তার কাছে সৌন্দর্যের প্রকাশ নয়, সঞ্চয়ের বিষয়। সৌন্দর্য কেবল বাহ্যিক রূপের বিষয় নয়, তার সঙ্গে অনুভূতি ও অন্তরের সম্পর্কও যুক্ত। কিন্তু মণিমালিকার চরিত্রে সেই অনুভূতির বিকাশ ঘটেনি। তার হৃদয় ছিল বস্তুপ্রেমের কঠোরতায় আচ্ছন্ন। জড় সম্পদের প্রতি অতিরিক্ত আসক্তি তার সমগ্র জীবনকে এমন এক শীতলতার মধ্যে আবদ্ধ করেছিল, যেখানে ভালোবাসার স্বাভাবিক প্রবাহ ক্রমশ অবরুদ্ধ হয়ে পড়ে।

মণিমালিকার মৃত্যুর পর ফণিভূষণের মনে সেই মৃত্যুর রহস্য উদ্ঘাটনের আকাঙ্ক্ষা জন্ম নেয়। তিনি বিশ্বাস করতে শুরু করেন, তাঁর আহ্বানে সাড়া দিয়ে মণিমালিকা মৃত্যুর জগৎ থেকে ফিরে আসতে পারে। জীবিত অবস্থায় যে নারী তাঁর ভালোবাসার যথার্থ প্রতিদান দেয়নি, সামান্য অলংকারের আকর্ষণে যিনি স্বামীকে ছেড়ে চলে গিয়েছিলেন, মৃত্যুর পরে তাঁরই ফিরে আসার প্রত্যাশা ফণিভূষণের মনে এক ধরনের আত্মসান্ত্বনা সৃষ্টি করেছিল। কিন্তু সেই প্রত্যাবর্তনের দৃশ্য ছিল ভয়াবহ।

কঙ্কালসার দেহের প্রতিটি অস্থিতে যেন সোনার ও হিরের অলংকার ঝলমল করছিল, অথচ সেগুলি শরীর থেকে বিচ্ছিন্ন হচ্ছিল না। সবচেয়ে ভীতিকর বিষয় ছিল তার মুখমণ্ডল। অস্থিময় মুখের মধ্যে দুটি চোখ তখনও জীবন্ত, স্থির ও সজীব। আঠারো বছর আগে এক আলোকোজ্জ্বল সভাগৃহে, নহবতের সুরের মধ্যে, ফণিভূষণ যে দুটি বড় কালো চোখ প্রথম দেখেছিলেন, সেই একই চোখ শ্রাবণের অন্ধকার রাত্রিতে চন্দ্রালোকে তাঁর সামনে আবার উপস্থিত হয়েছিল। সেই দৃষ্টি ছিল নির্বাক, অথচ অসহনীয়। ভয়ে ফণিভূষণ চোখ বন্ধ করার চেষ্টা করেছিলেন, কিন্তু যেন কোনোভাবেই তা সম্ভব হচ্ছিল না। তাঁর চোখের সামনে মৃত মানুষের মতো স্থির হয়ে থাকা সেই দৃষ্টি ক্রমশ এক গভীর আতঙ্কের রূপ ধারণ করেছিল।

মণিমালিকার মৃত্যুর রহস্য অনুসন্ধান করতে গিয়ে ফণিভূষণ যে সত্যের মুখোমুখি হয়েছিলেন, তা ছিল আরও ভয়ংকর। তিনি যেন উপলব্ধি করলেন, মণিমালিকা কেবল মৃত্যুর পরেই মৃত হয়ে ওঠেনি, তার হৃদয়ের মধ্যে অনুভূতির মৃত্যু অনেক আগেই ঘটেছিল। দীর্ঘ দাম্পত্যজীবনে তিনি এমন এক নারীর সঙ্গে বসবাস করেছিলেন, যার অন্তরে ভালোবাসার স্বাভাবিক উষ্ণতা বিকশিত হয়নি। জীবনের গভীরে যে আবেগহীনতা জমে উঠেছিল, মৃত্যুর পর তারই এক ভয়ংকর প্রতীকী রূপ প্রকাশিত হয়েছিল।

শুভদৃষ্টির সময় যে দুটি সুন্দর কালো চোখ ফণিভূষণের জীবনের মধুরতম স্মৃতির অংশ হয়ে উঠেছিল, পরবর্তীকালে সেই একই চোখ কঙ্কালের করোটিতে এক শীতল ও নির্বাক দৃষ্টিরূপে ফিরে আসে। এই পরিণতির মধ্য দিয়ে মণিহারা গল্পে রবীন্দ্রনাথ কেবল একটি অতিপ্রাকৃত ঘটনার বর্ণনা দেননি। তিনি দাম্পত্যসম্পর্কের অন্তর্গত শূন্যতা, ভালোবাসার অসম আদান-প্রদান এবং বস্তুগত আসক্তির ফলে মানবিক অনুভূতির অবক্ষয়কে এক গভীর মনস্তাত্ত্বিক ও প্রতীকী মাত্রা দিয়েছেন।

গল্পের শেষটা বেশ রহস্যময়তা ছন্দে এগিয়ে চলে | ফণিভূষণ এক গভীর রাতে জানলার পাশে বসে মণিমালিকার ফিরে আসার অপেক্ষা করছিল। বাইরে প্রবল অন্ধকার, বৃষ্টি আর দূরের যাত্রার গান—সব মিলিয়ে তার মনে হচ্ছিল, যেন জীবিত জগতের ওপারে কোথাও হারিয়ে যাওয়া মানুষটির সঙ্গে আবার দেখা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। হঠাৎ নদীর ঘাটের দিক থেকে শোনা গেল গহনার ঝনঝন শব্দ। প্রথম রাতে সেই শব্দ স্বপ্নের মধ্যে তাকে টেনে নিয়ে গেলেও কিছুই দেখতে পায়নি। পরের রাতে সে সমস্ত দরজা খুলে রেখে অপেক্ষা করল। এবার সত্যিই সেই শব্দ ঘাট পেরিয়ে বাড়িতে, সিঁড়ি বেয়ে তার ঘরের সামনে এসে থামল। উত্তেজনায় সে ‘মণি!’ বলে চিৎকার করে উঠল—কিন্তু ঘুম ভেঙে বুঝল, সবই স্বপ্ন।

এর পরের রাতে ফণিভূষণ আরও নিশ্চিন্ত মনে অপেক্ষা করল। অলংকারের সেই পরিচিত শব্দ আবার ঘরে এসে থামল। চোখ খুলে সে দেখল—সামনে দাঁড়িয়ে আছে এক কঙ্কাল, কিন্তু সেই কঙ্কালের গায়ে মণিমালিকার সমস্ত গয়না এবং মুখে সেই একই জীবন্ত, গভীর চোখ। কঙ্কালটি তাকে নীরবে অনুসরণ করতে ইশারা করল। মোহাচ্ছন্ন ফণিভূষণ তার পিছু নিয়ে নদীর ঘাটে পৌঁছল। কঙ্কাল নদীতে নেমে গেল, সেও তার পিছু নিল। জলে পা দিতেই তার তন্দ্রা ভাঙল; কিন্তু ততক্ষণে সে স্রোতের মধ্যে পড়ে গেছে। সাঁতার জানা সত্ত্বেও সেই আতঙ্ক ও বিভ্রমের মধ্যে সে নিজেকে আর সামলাতে পারল না এবং নদীতে ডুবে গেল।

Image: AI নির্মিত

গল্প শেষ করে ইস্কুলমাস্টার যখন প্রশ্ন করলেন, শ্রোতা গল্পটি বিশ্বাস করেছেন কি না, তখন উল্টো প্রশ্ন এল—তিনি নিজে কি বিশ্বাস করেন? মাস্টারমশাই যুক্তি দিয়ে বোঝাতে শুরু করলেন যে ঘটনাটি বাস্তব হতে পারে না। তখন শেষ মুহূর্তে গল্পের অলৌকিকতাকে ভেঙে দিয়ে কথক জানালেন, তাঁর নিজের নামও ফণিভূষণ সাহা। কিন্তু তাঁর স্ত্রীর নাম মণিমালিকা নয়—‘নৃত্যকালী’। এই শেষ কথাটিই পুরো গল্পটিকে এক অদ্ভুত দ্ব্যর্থতায় রেখে যায়: এতক্ষণ যে কাহিনি সত্য বলে মনে হচ্ছিল, সেটি কি নিছক গল্প, নাকি বাস্তবের আড়ালে লুকিয়ে থাকা অন্য কোনও সত্য? গল্পের মধ্যে যে গল্প ছিল, সে কি নিছকই গল্প? না গল্প হলেও সত্যি? অর্থাৎ, গল্পের মধ্যেই সত্যি? পাঠকের এই দ্বন্দ্ব চলুক । লেখকের আশঙ্কা এই নারী-চরিত্র বিশ্লেষণের নমুনাটি তার স্ত্রীর হাতে যেন না পড়ে যায় । ভস্মে ঘি ঢাললে ক্ষতি নেই, কিন্তু আগুনে? নৈব নৈব চ!