জারজ

Photo: Statesman

বাইরে অঝোরে বৃষ্টি। বাজ পড়ছে ঘন ঘন। ছিড়ে যাচ্ছে আকাশ। লম্ফটা কাঁপছে অনেকক্ষণ ধরে। বৃষ্টির সোঁদা গন্ধের সঙ্গে বৃষ্টিভেজা বুনো গন্ধ আর লম্ফের পোড়া কেরোসিনের গন্ধ মিলে মিশে ঘরের ভিতর এক মায়াময় জগৎ তৈরি হয়েছে। সেই জগতে বিধুশেখর তার মৃতপ্রায়   মাকে জড়িয়ে শুয়েছিল। হঠাৎ তার মনে হল মা যেন তাকে কিছু বলতে চাইছে। বিধুশেখর মায়ের কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল— ‘কিছু বলবে মা?’

মা ওপর নিচু করে ঘাড় নেড়েছিল। তারপর অস্ফুট গলায় গুটিকয়েক কথা বলেছিল। অবাকবিস্ময়ে হতবাক হয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল বিধুশেখর। এখন তার মনে হল, মায়ের মুখটা ভীষণ উজ্জ্বল।

বলিরেখায় কোথাও কোনও কষ্টের রক্ত পূঁজ নেই! মৃত্যুযন্ত্রণা সহ্য করে বেঁচেছিল এই কথাক’টা বলার জন্য বোধহয়। এখন মা ঘুমোচ্ছে।


বাইরে প্রচণ্ড শব্দ করে বাজ পড়ল। কয়েকটা গাছের পাতা পড়ার শব্দ হল। চৌকিতে মুখ গুঁজলো বিধুশেখর। চৌকি ভরা কেবল মা-মা গন্ধ।

বাবা যখন মারা গেল তখন বিধুর কতইবা বয়স। তেরো-চোদ্দ হবে। সেভেন না এইট পর্যন্ত পড়ে বিধু বুঝে গেছিল পড়াশোনাটা তার জন্য নয়। পড়াশোনার পাট চোকাতেই বিধু মাকে ফেলে রেখে নিরুদ্দেশ হয়ে গেল। তারপর শুরু হল তার তরঙ্গিত জীবন। প্রথমে জনমজুরি। এখানে খররোদ যেন মাটির গর্ভ থেকে সমস্ত রস শুষে নেয়। দূরের দিকে তাকালে রোয়া রোয়া ধোঁয়া ওঠে। কিছুক্ষণের মধ্যেই জীব বেরিয়ে আসে বিধুর। ‘না, এ কম্ম আমার দ্বারা হবে না। বলে বেরিয়ে আসে সে। তারপর বীজতোলার কাজ ধরল। এ কাজে বৃষ্টিতে ভিজতে হয় বটে, রোদে পুড়ে জিভ বেরিয়ে আসে না। মন্দের ভালো দুটো টাকা, যা হাতে পায়, তাতে তার চলে যায়। কিন্তু মুস্কিল হল এরপর। এখন মাঠে মাঠে কচি কচি ধানের শীষে বাতাস হেসে হেসে লুটোপুটি খায়। রোদের রঙ রুপো মাখা। বাতাসে বর্ষার জল পাওয়া সতেজ কচি কচি পাতার গন্ধ। সমস্ত গন্ধ ছাপিয়ে আর একটা কিসের যেন গন্ধ বিধুকে মাতাল করে তোলে। বিধু সেই গন্ধটাকে খুঁজে বেড়াতে বেড়াতে হঠাৎ এক তান্ত্রিকের সঙ্গে আলাপ ঘটে। তার সঙ্গে থেকে নাকি জড়িবুটি, তাবিজ-তন্ত্র, বশীকরণ মন্ত্র শিখে  নিল। তখন তার গলায় রুদ্রাক্ষের চারটে মালা। লাল নীল পাথরের তিন চারটে হার। মাথায় লাল কাপড়ের পাগড়ি। কপালে মস্ত সিঁদুরের টিপ। গ্রামের যে বটগাছটাকে ঘিরে সদর, স্কুল আর বাঁধের ধার— তিন রাস্তা গেছে সেখানে শিকড়-বাকড়, জড়িবুটি আর কীসের যেন তেল, তবে বিধু বলে ধনেশ পাখির তেল, নিয়ে বিধুকে দেখা গেল। তখন সে ‘বাবা বিধু’। আর একদিন রাতে তন্ত্রবাবা ও তন্ত্রমায়ের বিছানা গরমের দৃশ্য দেখে ফেলার পর সেই গন্ধটা খুঁজে পেয়েছিল। তার নিজস্ব শরীরের গন্ধটা তখন উগ্র। তার পাথর খোদাই শরীরের ভাঁজে ভাঁজে আগুন ফুলকির ছোটাছুটি খেলা। সেই খেলায় ধরা দিল টুলি। টুলিকে নিয়েই ‘বাবা-বিধু’ গাঁয়ে ফিরল।

মা তখন সদর হাসপাতালে আয়ার কাজ করে। খবর পেয়ে ছুটতে ছুটতে এসে ছেলে বৌকে ঘরে নিয়ে গেল। তারপর একদিন মা জ্বরে পড়ল। প্রবল জ্বর। জ্বরের ঘোরেই মা  আবার কথাটা বলল তাকে। সে বিস্ময়ের ঘোর আজও কাটিয়ে উঠতে পারেনি বিধুবাবা। আজ এই লাইনে দাঁড়িয়েও তার মনে হল কথাটা সত্যি না, বিকার। হ্যাঁ এসেছিল পাশের বাড়ির চরণ চক্কোত্তি। দু’বেলা খোঁজ নিয়েছে। বাড়াবাড়ি হলে উনিই অ্যাম্বুল্যান্স ডেকে খরচপাতি দিয়ে সদর হাসপাতালে ব্যবস্থা করে দেন। অবশ্য সদর হাসপাতালে তেরাত্রি কাটেনি মায়ের।

দাহ, দাহের কাপড়, মালা-ঘি সব খরচ দিয়েছিল ওই চরণদাস চক্কোত্তি।

তা যাক, বাংলার ছয় ঋতু পর্যায়ক্রমে আসে। আবার চলেও যায়। এবার এক নতুন কাল এল। এসআইআর— নিবিড় সংশোধন। অসুবিধায় পড়ল টুলিকে নিয়ে। ওর কোনও কাগজপত্র নেই। দুশ্চিন্তা যে নিজেকে নিয়ে ছিল না, তা নয়। দেশ গাঁ ছাড়তে হবে না তো! দুশ্চিন্তা নিয়েই সে লাইনে দাঁড়াল। অনেকেই দাঁড়িয়ে ছিল লাইনে। ও বারবার দেখছিল ফর্মটা। মায়ের কথাটা তার কানে বার বার বাজছিলো। বাজছিলো এসআইআর, এসআইআর— সার। আপাত নিরীহ শব্দটা নিস্তরঙ্গ জীবন থেকে এক ঝটকায় দাঁড় করিয়ে দিয়েছে সুগভীর অনিশ্চয়তার মাঝে। বিধুবাবার চোখ পড়ল মহিলাদের লাইনে। এক বৃদ্ধা। বেঁচে থাকলে মায়ের বয়স এই রকমই হতো।

বৃদ্ধার বলিরেখাময় মুখে জমে ওঠা স্বেদবিন্দুতে খেলা করছে ভয়— এসআইআর। শব্দটা যে কী, খায়, না মথায় মাখে— জানত না বিধুশেখর। আজ জানে। জানে এটা ঘোর বাস্তব।

ভয় পিছু ছাড়েনি বিধুর। মুখের বলিরেখা জানে রাষ্ট্রক্ষমতার কাছে তার অস্তিত্ব বালুকণার চেয়ে তুচ্ছতর। এক নিমেষে নেই হয়ে যেতে পারে তার ভিটেমাটি, তার পরিচয়।

কথা হচ্ছিলো দিনু গয়লার সঙ্গে। বলল— ‘সমস্ত নথি আছে, জমির দলিল আছে, তবু ভৈরব আচার্যির নাম বাদ!’ কথাটা বলেই চুপ করে গেল। এই চুপ করে যাওয়টাই আসল কথা। সবাই জানে। তবু কেউ পুরোটা বলে না। এই না বলাটা একটা আর্ট। বলা যায় এটা একটা নিয়ম। সবাইয়ের এই নিয়ম রপ্ত নয়। তবে মানুষ মাটি চেনে। মাটিও মানুষকে চিনে রাখে নিজের মতো করে। এখন মনে হয় কথাটা সহজ নয়। রাষ্ট্রের চেনাটা দিন দিন ফিকে হয়ে আসছে।

তবু একটা গলা শোনা গেল— ‘একি গণতন্ত্রকে রক্ষা, নাকি গণতন্ত্রকে শ্বাসরোধ করা।’

আর একজনের গলা— ‘বাবু কহিলেন বুঝেচ উপেন, এ জমি লইব কিনে।’ তার জন্য ঝাড়াই বাছাই, জমিসাফ মায় চিরুনি তল্লাশি। স্বাধীনতা আন্দোলনের সময় আমাদের মধ্যে একটা আপোসহীন ব্যাপার ছিল। কিন্তু এতটা কি দরকার ছিল?’

পচাই পাঁড়ে এতক্ষণ চুপ করেছিল। এবার একটা মোক্ষম কথা কইলে— ‘আসলে সবটাই বাঙালির ডিএনএ। এই ডিএনএ-টাকেই পাল্টে ফেলতে হবে বুয়েছেন!’

—‘মানে ঠিক বুঝলাম না।’

—‘আরে দাদা বাঙালির গায়ে এত আঁশটে গন্ধ কি সয়, সয় না। হিন্দু খতরেমে বলে তো আমরা নগর সঙ্কীর্তনে বেরিয়ে পড়িনি, তাই তো ডিটেনশন ক্যাম্প।’

ইতিমধ্যে বাবাবিধু কাউন্টারে এসে গিয়েছিল। কাগজপত্র বাড়িয়ে দিয়ে অফিসারের মুখের দিকে তাকলো। অফিসার ফর্ম দেখতে দেখতে আঁক করে উঠলেন। বললেন— ‘এ কী, তোমার নাম বিধুশেখর ভুঁইয়া আর তোমার বাবার নাম চরণদাস চক্কোত্তি। যাও কাগজ ঠিক করে নিয়ে এসো।’ বাড়ি ফিরে আসে বিধুবাবা। মায়ের গন্ধমাখা চৌকিটাতে আছড়ে পড়ল। টুলি অবাক হয়ে জানতে চাইল— ‘কী হল তোমার? অমন করছো কেন?’

—হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলল, ‘পারলাম না টুলি, মায়ের কথা রাখতে পারলাম না।’