কেয়ারটেকার

Photo: Statesman

বিস্তর আলোচনার পর সুবিকেই কমিউনিটি সেন্টারের কেয়ারটেকার হিসেবে মনোনীত করা হল। ওর আসল নাম সুজয় বিশ্বাস। কিন্তু পাড়ার সবাই ওকে সুবি বলেই ডাকে, আর চেনে। কমিউনিটি সেন্টারের নির্মাণের বেশির ভাগ খরচ সরকারের থেকে পাওয়া গেলেও স্থানীয় লোকরাও তাদের সাধ্যমত সাহায্য করেছে। প্রায় সাত কাঠা জমি জুড়ে বিশাল বিল্ডিংটা দ্বিতল। সামনেই ছোট একটা মাঠ। পার্কিং হিসাবে ইউজ করা যাবে। আজকাল যত্রতত্র অনেক বিয়েবাড়ি গজিয়ে উঠলেও গাড়ি পার্কিংয়ের জন্য পর্যাপ্ত স্পেস পাওয়া যায় না। তাছাড়া, সেন্টারের ভাড়াও বেশি নয়। এইসব কারণে বিবাহ বা অন্য অনুষ্ঠানে বুকিং করার জন্য এই সেন্টারের বেশ ডিম্যান্ড আছে। শুধু পাড়ার লোক নয়, যে কোনও এলাকার লোকই এই সেন্টার বুক করতে পারে। তবে স্থানীয় লোকেদের অগ্রাধিকার দেওয়া হয়। অনুষ্ঠানের তিন মাস আগে বুকিং নেওয়া হয়। সেন্টারের বুকিং বা অন্য সব ব্যাপারে কেয়ারটেকারের ডিসিশনই ফাইনাল।

ডিগবাজি খেতে খেতে কোনোক্রমে মাধ্যমিক পাশ করেছে সুবি। ওর শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিটিংয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু পার্টির জন্য নিবেদিত প্রাণ, মিছিলে পার্টির পতাকা কাঁধে নিয়ে সবার চেয়ে জোরে স্লোগান দেয়, মিটিংয়ে চেয়ার পেতে দেয়, এমনকি, প্রভাবশালী নেতার ফাই-ফরমাশও খাটে, এ সব কারণেই সুবির নাম মনোনীত হয়। মিটিংয়ে আরও কয়েকজনের নাম নিয়ে আলোচনা হলেও বেশিরভাগ সদস্যই  সাপোর্ট করে ওকে।

কেয়ারটেকার হিসেবে মোটামুটি ভালোই মাইনে পায় ও। এ ছাড়া এক্সট্রা বা কাটমানি হিসেবেও ভালোই আয় হয়। ক্যাটারার, ইলেকট্রিশিয়ান, ডেকরেটর, এমনকি সেন্টারের অনুষ্ঠানে ফুল দিয়ে সাজায় যারা, সবাইকেই এখানে কাজ করার জন্য সুবিকে কমিশন বা এক্সট্রা মানি দিতে হয়। তবে এই এক্সট্রা মানি শুধু ও একা পায় না, সেন্টারের সেক্রেটারি তথা সুবির ঘনিষ্ঠ নেতাকেও পার্সেন্টেজ দিতে হয়।


সুবিদের অবস্থা আগে ভালো ছিল না। ওর বাবা সামান্য মাইনেতে একটা ছোট প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। বড় ফ্যামিলির বোঝা টানতে তাঁর হিমশিম অবস্থা। তবে ছেলের চাকরি পাওয়ার পর থেকে পরিবারের আর্থিক অবস্থা ভালোর দিকে। চাকরি পাওয়ার ছ’মাসের মধ্যেই সুবি পাড়ার মেয়ে টুনিকে বিয়ে করে। টুনির পিছনে সুবি অনেকদিন ধরেই ঘুরঘুর করছিল। টুনি পাত্তা দেয়নি। সেন্টারে কাজ পাওয়ার পরই ওর মন ঘুরে যায়। সুবির প্রেমে সাড়া দেয়। টুনি লম্বায় সুবির থেকে বেশ খানিকটা বড়। তবে শরীরে ডালপালা কম। সুবি বেঁটেখাটো, তবে শক্তপোক্ত। টুনির মত— লম্বা-বেঁটে কী আসে যায়! আসল কথা টাকা। টাকায় সব কিছু নড়েচড়ে।

সময় এগিয়ে চলে। সুবির আর্থিক অবস্থা এখন বেশ ভালো। একমাত্র মেয়ে সুমির বয়স সতেরো–আঠারো। ভরন্ত শরীর। দু’বারের  চেষ্টায় মাধ্যমিক পাশ করার পর পড়াশোনা ছেড়ে দেয়। বই নিয়ে বসলেই মাথাগরম হয়ে ওঠে ওর। মেয়ের বিয়ের জন্য পাত্রের খোঁজ করতে শুরু করেছে সুমির বাবা-মা। পাড়ায় ইলেকট্রিকের কাজ করে বাচ্চু। ছোটোখাটো একটা দোকানও আছে ওর। ও সুবির বিরোধী পার্টির একনিষ্ঠ কর্মী। সুবির সঙ্গে ওর সম্পর্ক ভালো নয়। সেন্টারের অনুষ্ঠানে ইলেক্ট্রিকের কাজটা পাওয়ার জন্য সুবির কাছে অনুরোধ করে ও। কিন্তু ওকে কাজটা দিতে রাজি নয় সুবি। প্রথমত, ও বিরোধী পার্টির অ্যাকটিভ কর্মী। দ্বিতীয়ত, ওর থেকে কাটমানি খাওয়া যাবে না। খেলে খবরটা রাষ্ট্র করে দেবে ও। জানাজানি হলে পার্টি বহিষ্কার করবে আমাকে। আর আমার চাকরিটাও যাবে। মনে মনে বলে সুবি। বাচ্চুর ছেলে রন্টু বাবার সঙ্গে থেকে ইলেট্রিকের কাজটা শিখছে। পড়াশোনায় একেবারেই লবডঙ্কা। ক্লাস এইটও পাশ করতে পারেনি ও। বেশিরভাগ সময় বন্ধু-বান্ধবের সঙ্গে আড্ডা দিয়ে বেড়ায়। এদিকে আবার সুবির মেয়ে সুমির প্রেমে পড়েছে ও। লুকিয়ে-চুরিয়ে প্রেম করছে ওরা। কিন্তু এ সব খবর কতদিন আর গোপন থাকে! মাস ছয়েক পরে মেয়ের কীর্তির কথা জানতে পারে মা। আর সঙ্গে সঙ্গে খবরটা চালান করে দেয় স্বামীর কাছে। শুনে সুবি তেলে-বেগুনে জ্বলে উঠে। এত আস্পর্ধা, ও বাচ্চুর ছেলে রন্টুর সঙ্গে প্রেম করছে! রন্টু তো পড়াশোনা কিছুই জানে না। গণ্ডমূর্খ। হ্যাঁ, শুনেছি, ও ওর বাবার কাছে কাজ শিখছে। কিন্তু সারাদিনই তো বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে বেড়ায়! তাছাড়া, বাচ্চু বলতে গেলে আমার শত্রু। ও বিরোধী পার্টি করে। আমি চাই না, রন্টুর সঙ্গে সুমি সম্পর্কে জড়িয়ে পড়ুক। প্রয়োজনে ঠ্যাং ভেঙে ঘরের মধ্যে রেখে দেব ওকে, যাতে আর বাইরে বেরোতে না পারে। মায়ের হাতে-পায়ে ধরল মেয়ে। ‘আমাকে তোমরা ঘরের মধ্যে বন্দি করে রেখো না। আমি বাড়িতেই থাকব। কথা দিচ্ছি, রন্টুর সঙ্গে আর কোনও সম্পর্ক রাখব না।’ মেয়ের কথায় মায়ের মন ভিজল। বাড়ির মধ্যেই বেশ ক’দিন থাকল ও। কিন্তু মন ওর উড়ুউড়ু। যুবতী মেয়ে। প্রেমে হাবুডুবু। শরীরের স্বাদ পেয়েছে। ওদের রোখা মুশকিল। খাঁচা খোলা পেয়ে পাখি ফুরুত করে পালাল। মায়ের নজরদারির সামান্য শিথিলতার সুযোগ নিয়ে রন্টুর সঙ্গে ভেগে পড়ল ও। বাড়ি এসে বউয়ের কাছে মেয়ের খবর শুনে রাগে ফেটে পড়ল সুবি। ‘যত সব অপদার্থ জুটেছে আমার কপালে। মেয়েটাকে আটকাতেই পারলে না। মুখে চুনকালি মাখিয়ে পালিয়ে গেল ও।’

পাশের পাড়ায় কালীমন্দিরে পুরোহিতের কাছে বিয়ের মন্ত্র পড়ে বিবাহবন্ধনে আবদ্ধ হল ওরা। কিন্তু বিয়ে তো হল। এবার বউকে নিয়ে উঠবে কোথায়! চিন্তায় পড়ল রন্টু। এক ঘনিষ্ঠ বন্ধুর বাড়ি দু’দিন থাকার পর রন্টু  বাড়িতে ওর মায়ের কাছে গেল। বউকে নিয়ে বাড়িতে থাকতে চায়। ‘কোথায় আর থাকব আমরা? তোমরা আমাদের আশ্রয় দাও’, বলল। মায়ের মন গলাতে বেশি সময় নিল না। কিন্তু মা রাজি হলেই তো হবে না। বাবার কথাই চূড়ান্ত। স্বামীকে সব বললেন স্ত্রী। ছেলে সুবির মেয়েকে বিয়ে করেছে শুনে ভীষণ রেগে গেল বাচ্চু। কিছুতেই এ বিয়ে মেনে নেবে না। বউকে নিয়ে ঘরে ওঠার পারমিশন কিছুতেই দেবে না ছেলেকে। এদিকে রন্টুর মা কান্নাকাটি শুরু করল। স্বামীর পা ধরল। ‘দেখো, রন্টু আমাদের একমাত্র ছেলে। ও কথা দিয়েছে, ওরা সুবিদের সঙ্গে কোনও সম্পর্ক রাখবে না।’ স্ত্রীর কথায় অবশেষে বাচ্চুর মন গলল। অনুমতি দিল ওদের থাকার।

কিছুদিন পরেই রাজ্যে বিধানসভার নির্বাচন। সারা রাজ্যে প্রচার শুরু হয়ে গেছে। অনেকেই বলছে, এ বার নাকি টাফ ফাইট হবে। নির্বাচনের দিন অনেক জায়গায় গণ্ডগোল হল। ফল বেরোল। রাজ্যে দীর্ঘদিন ক্ষমতায় থাকা ভীষণ পাওয়ারফুল পার্টি, যাদের সারা দেশে সংগঠন রয়েছে, তারা যে এমনভাবে পর্যুদস্ত হবে, তা অনেকেই ভাবতে পারেনি। শীর্ষস্তরে পরিবর্তন হলে নীচু বা তৃণমূল স্তরে পরিবর্তন হতেও বেশি সময় নেয় না। কয়েক মাসের মধ্যেই কমিউনিটি সেন্টারের পরিচালন কমিটি ভেঙে দেওয়া হল। বর্তমানে ক্ষমতায় আসা পার্টির সদস্যরা নতুন কমিটিতে এল। নতুন সেক্রেটারির নেতৃত্বে সদস্যরা ঠিক করল, সুবিকে সরিয়ে তাদের পার্টির কোনও কর্মীকে নতুন কেয়ারটেকার হিসেবে নিযুক্ত করা হবে। নতুন সেক্রেটারির খুব ঘনিষ্ঠ বাচ্চু। দীর্ঘদিন পার্টির হয়ে কাজ করছে ও। নেতাকে বলে, ‘স্যর, আমাকে কেয়ারটেকারের চাকরিটা দিন না।’ ‘অনেক ঝামেলা আছে এই কাজে। তুমি সামলাতে পারবে না।’ ‘আমার ছেলে রন্টু সাহায্য করবে আমাকে। দু’জনে মিলে কাজ তুলে দেব আমরা।’ সেক্রেটারির সুপারিশে বাচ্চুকেই সেন্টারের কেয়ারটেকার নিযুক্ত করা হল। শুধু কেয়ারটেকার নয়, বাবা-ছেলে মিলে সেন্টারে যত অনুষ্ঠান হয়, তাতে আলোকসজ্জার কাজটাও ওরাই করে। ভালোই ইনকাম হয় ওদের। বছর দুয়েকের মধ্যেই বাচ্চুদের অবস্থার আমূল পরিবর্তন হল। একতলা বাড়ি দোতলা হল। রন্টু একটা দামি বাইক কিনল। সুমিকে পিছনে বসিয়ে রন্টু সারা পাড়া দাপিয়ে বেড়ায়। সুমি খুব খুশি। আষ্টেপৃষ্ঠে বরকে জড়িয়ে ধরে। বউয়ের শরীরের উষ্ণ স্পর্শ পেয়ে বাইকের গতি বাড়িয়ে দেয় রন্টু। নিজেকে সিনেমার নায়ক মনে করে। তবে শুধু বৌকেই নয়, বাবাকেও মাঝে মাঝেই বাইকের পিছনে বসিয়ে এদিক-ওদিক যায়। বাচ্চুর ঠোঁটে এখন একটার পর একটা দামি সিগারেট লেগেই থাকে। বন্ধু-বান্ধবদেরও সিগারেট অফার করে। মাঝে মাঝে হোটেলে পার্টিও দেয়। বিরিয়ানি, কাটলেট ইত্যাদির সঙ্গে ড্রিঙ্কস হিসেবে মদও সার্ভ করা হয়। এককথায় বাচ্চু আর রন্টু এখন বেশ ফূর্তিতেই দিন কাটাচ্ছে।

এদিকে সুবির আর্থিক অবস্থা দিন দিন খারাপ হয়ে পড়ছে। কাজকর্ম কিছুই নেই। জমানো টাকায় আর ক’দিন চলে? টুনি ওকে বুদ্ধি দেয়, ‘দেখো, মেয়ের সঙ্গে এখন সম্পর্ক স্বাভাবিক করো। মেয়ে-জামাইকে বাড়িতে নিমন্ত্রণ করো। জামাই আর বেয়াই বাচ্চুকে ধরে তুমি যদি সেন্টারে ক্যাটারিং বা অন্য কোনও জিনিস সাপ্লাই করার অর্ডার পেয়ে যাও, তবে তোমার ভালোই আয় হবে। আমাদের অবস্থা ভালো হবে।’ টুনির কথাটা মনে ধরে সুবির।

কয়েকদিন পরে কমিউনিটি সেন্টারে গিয়ে বাচ্চুর সঙ্গে দেখা করল সুবি। ওকে দেখেই মাথাটা গরম হয়ে উঠল বাচ্চুর। নিজের মনেই বলল, আপদটা আবার কী জন্যে এসেছে! সুবি বলল, ‘দেখো বাচ্চু, তুমি তো এখন আমার আত্মীয়, সম্পর্কে বেয়াই। আমার আর্থিক অবস্থা এখন খুবই খারাপ। কোনোরকম আয় নেই। আগের জমানো টাকা ভাঙিয়ে ভাঙিয়ে চলছি। প্রায় দেউলিয়া অবস্থা। এখন কিছু একটা করে আয়ের ব্যবস্থা না করতে পারলে সংসারটা চালানো অসম্ভব হয়ে পড়বে। তাই তোমার কাছে আসা।’ ‘তা আমি কী করতে পারি?’ ‘সেন্টারে তো অনুষ্ঠান লেগেই আছে। অনেকরকম কাজ। ক্যাটারিং, ইলেকট্রিক, ডেকরেটিং, ফুলসজ্জা ইত্যাদি। তোমার কাছে অনুরোধ, তুমি যদি ক্যাটারিং, আর সেটা না হলে যে কোনও একটা কাজের দায়িত্ব আমাকে দাও, তবে অনেক উপকার হয় আমার। অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি। আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না।’ এতক্ষণ ধরে ওর কথা চুপচাপ শুনছিল বাচ্চু। অনেক দিন আগের কথা। সেদিন সেন্টারে হওয়া বিভিন্ন অনুষ্ঠানে ইলেকট্রিকের কাজটা পাওয়ার জন্য ওকে অনেকবার অনুরোধ করেছিলাম। সুবি বলেছিল, তুমি অন্য পার্টি করো, তোমাকে কাজটা দেওয়া যাবে না। বলেছিলাম, মাঝে মাঝে আমাকে সুযোগ দাও। উত্তরে বলেছিল, আমাকে বিরক্ত কোরো না। বেরিয়ে যাও এখান থেকে। সেদিন আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, যদি কখনও সুযোগ পাই, আমি এর প্রতিশোধ নেবই। আজ আমার সেই দিন এসেছে। আত্মীয় হোক, আর যাই হোক, আমি ওকে কোনও কাজ দেব না। মনে মনে বলে বাচ্চু। তবে ওকে ভদ্রভাবেই বলল, ‘সব কাজের জন্যেই লোক ফিট আছে। তোমাকে কোনও কাজ দেওয়া যাবে না।’ হতাশ হয়ে সুবি চলে গেল। বাড়ি গিয়ে টুনিকে সব বলল। ‘তুমি একটা কাজ করো, বাবাজীবনকে সব জানাও। দেখো, ও যদি বাবাকে বলে কিছু করতে পারে। আমি জানি, তুমি ওঁর সঙ্গে খুবই বাজে ব্যবহার করেছিলে। কিন্তু তখন উনি আমাদের আত্মীয় ছিলেন না’, টুনি বলে। জামাইকে সব খুলে বলল সুবি। ‘ফুল সাপ্লাই করে যে লোকটা, তার এগেনস্টে কমপ্লেন আছে। ভালো কোয়ালিটির ফুল সাপ্লাই করে না লোকটা। তাছাড়া, দামও অনেক বেশি নেয়। তুমি ওর জায়গায় শ্বশুরমশাইকে কাজটা দিতেও পারো, রন্টু বাবাকে বলে। বাচ্চু সাধারণত ছেলের কথা ফেলে না। তবু এই কথাটা রাখতে পারল না। কয়েকদিন পরে স্ত্রী ছেলের কথা রাখার জন্য স্বামীকে বেশ কয়েকবার অনুরোধ করল। দু’দিন পরে বাচ্চু ঠিক করল, প্রতিশোধস্পৃহা মন থেকে ঝেড়ে ফেলে সুবিকে ফুলসজ্জার কাজটা দেবে। মাঝে মাঝে সম্পর্ক সব কিছুর থেকে বড় হয়ে দাঁড়ায়। মনে মনে বলে বাচ্চু।