অন্তর্বর্তী বাজেটে শিক্ষিত বেকারদের জন্য যুবসাথী প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল। আগস্ট থেকে এই প্রকল্প চালু হওয়ার কথা ছিল। তবে মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাদ্যায়। আগস্ট নয়, এপ্রিল থেকে যুবসাথী প্রকল্পের টাকা মিলবে বলে জানানো হয়েছে।
আবেদন করার প্রক্রিয়া এবং কোন শর্তে টাকা পাওয়া যাবে তার যাবতীয় তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। মুখ্যমন্ত্রী বলেন, ‘আগে বলা হয়েছিল ১৫ অগস্ট থেকে এই যুবসাথী ভাতা প্রকল্প শুরু হবে। ১ এপ্রিল থেকেই শুরু করছি। কারণ, নতুন অর্থবর্ষ ওই দিন থেকেই শুরু।’
তিনি আরও বলেন, ‘আবেদন জমা নিতে হবে ভাতা দিতে গেলে। কাগজে বিজ্ঞাপন দেব। ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ২৯৪টি শিবির তৈরি করব। দুয়ারে সরকারের মতো। প্রত্যেক শিবিরে তিনটি বিভাগ থাকবে। যুবসাথীদের সুবিধা দেওয়ার জন্য যুব এবং ক্রীড়া বিভাগ থাকবে। ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য বছরে দু’বার ২০০০ টাকা করে দেওয়া হবে। তাদের জন্য কৃষি বিভাগ থাকবে। সেই সঙ্গে মাইনর ইরিগেশন এবং পাওয়ার বিভাগ থাকবে।’
এই প্রকল্পে শিক্ষিত বেকার অর্থাৎ মাধ্যমিক পাশ করলেই দেওয়া হবে দেড় হাজার টাকা। প্রকল্পের অধীনে আগামী পাঁচ বছর মাসে মাসে দেড় হাজার টাকা করে ভাতা পাবেন যুবকেরা। মঙ্গলবার বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, আগে আগষ্টে যুবসাথী প্রকল্প চালু করার কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু তা এগিয়ে আনা হচ্ছে।এপ্রিল থেকেই মিলবে এই বেকার ভাতা।
মমতা এদিন জানান, ২১ থেকে ৪০ বছর বয়সী হতে হবে। যদি কোনওরকম স্কলারশিপ পেয়ে থাকেন, তাতে কোনও সমস্যা নেই। তবে স্কলারশিপ ছাড়া যদি রাজ্য সরকারের অন্য কোনও জনমুখী প্রকল্পের আওতায় থেকে থাকেন, তাহলে যুবসাথীর সুবিধা মিলবে না।