খাস কলকাতায় খোদ মেয়র ফিরহাদ হাকিমের ওয়ার্ডে খুন। মদের আসরে বচসা থেকে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। শনিবার রাতে চেতলা ১৭এ/১৭বি বাসস্ট্যান্ডের কাছেই এই নৃশংস ঘটনা ঘটে যায়। জানা গিয়েছে, বাসস্ট্যান্ডের অদূরে মদের আসর বসেছিল। সেখানেই মৃত অশোক পাসোয়ানের সঙ্গে এক যুবকের কোনও বিষয় নিয়ে বিবাদ শুরু হয়। কথাকাটাকাটি এমন পর্যায় যায় যে অভিযুক্ত যুবক অশোকের গলায় লোহার রড ঢুকিয়ে দেয়। ওই অবস্থাতেই নিজের প্রাণ বাঁচাতে মরিয়া যুবক প্রায় ১০০ মিটার ছুটেও যান, কিন্তু হয়নি শেষ রক্ষা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে, পরে মৃত্যু হয় অশোকের।
খোদ মেয়রের ওয়ার্ডেই প্রকাশ্যে এমন ঘটনা ঘটে যাওয়ায় আতঙ্কে শহরবাসী। ফের প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। বচসার পর অশোকের গলায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল লোহার শাবল। এরপরেও সে ছুট লাগিয়েছিল প্রাণ বাঁচাতে, পরে এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এখনও পর্যন্ত ঘটনায় ৩জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়দের দাবি, যেই এলাকায় এই ঘটনা ঘটেছে সেখানে মদের আসর বসা নতুন নয়। প্রায়দিনই সেখানে যুবকরা মদ্যপান করতেন। ঝামেলাও লেগে থাকত প্রায়শই। এলাকার মানুষ আপত্তি জানালেও বিশেষ কাজ হয়নি। কিন্তু সেখান থেকে যে এই ঘটনা ঘটে যেতে পারে, তা ভাবতে পারছেন না স্থানীয়রাও।
রবিবার সকাল থেকে থমথমে গোটা এলাকা। মোতায়েন করা হয়েছে পুলিশ। চলছে নজরদারি। কিন্তু কী নিয়ে বচসার পরিণতি এমন নৃশংস হল তা এখনও জানা যায়নি।