সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের যোগাযোগ আরও শক্তিশালী করতে নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার। বুধবার নবান্ন সভাঘর থেকে আনুষ্ঠানিকভাবে চালু হল ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচি। সাধারণ মানুষের সরকারি পরিষেবা পেতে যদি কোনও সমস্যা হয় তাহলে তাঁরা এবার সরাসরি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
সরকারের তরফে কী জানানো হয়েছে?
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ৮২৮২০৮২৮২০ নম্বরে ফোন করে নাগরিকরা নিজেদের অভিযোগ বা পরিষেবা সংক্রান্ত জটিলতার কথা জানাতে পারেন। প্রতি সোমবার থেকে শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই হেল্পলাইন নম্বর চালু থাকবে। এর পাশাপাশি সাধারণ মানুষ নিজেদের অভিযোগ কিংবা পরামর্শ ইমেলের মাধ্যমেও পাঠাতে পারবেন। এজন্য একটি ইমেল চালু করা হয়েছে।
কর্মসূচির মূল লক্ষ্য
নবান্ন সূত্রে খবর, এই কর্মসূচির মূল লক্ষ্য হল সাধারণ মানুষের সমস্যা যাতে দ্রুত প্রশাসনের নজরে আসে। সেই সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে সেই সমস্যার সমাধান করা যায়। জানা গিয়েছে, সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে কোনও মধ্যস্থতাকারীর প্রয়োজন হবে না। সরাসরি প্রশাসনের কাছে অভিযোগ পৌঁছে যাবে এবং তার অগ্রগতির উপরও নজর রাখা হবে।
উল্লেখ্য, ২০২৩ সালের জুন মাসে তৎকালীন রাজ্য সরকার ‘মুখ্যমন্ত্রীকে বলুন’ কর্মসূচি চালু করেছিল। সেই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ ফোন করে বিভিন্ন সমস্যা ও অভিযোগ জানাতে পারতেন। তবে পরবর্তী সময়ে বহু মানুষ অভিযোগ তুলেছিলেন, অভিযোগ নথিভুক্ত হলেও অনেক ক্ষেত্রে তা দ্রুত সমাধান হয়নি। প্রশাসনিক সূত্রের খবর, সেই অভিজ্ঞতার প্রেক্ষিতেই নতুন কাঠামোয় পরিষেবা ব্যবস্থাকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, সরকারের লক্ষ্য মানুষের আরও কাছে পৌঁছনো।
তিনি জানিয়েছিলেন, প্রশাসনের কাজ হবে জনগণের সমস্যার দ্রুত সমাধান করা। সেই ভাবনা থেকেই ‘মুখ্যমন্ত্রীকে বলুন’-এর পরিবর্তে ‘আপনার সরকার আপনার পাশে’ নামটি বেছে নেওয়া হয়েছে।রাজনৈতিক মহলের মতে, নতুন এই কর্মসূচির মাধ্যমে সরকার সরাসরি মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানোর চেষ্টা করছেন। তবে সাধারণ মানুষের সমস্যা সমাধানে এই নতুন উদ্যোগ কতটা কার্যকরী হবে এখন সেটাই দেখার।