মেধাবী পড়ুয়াদের জন্য দেওয়া হচ্ছে যোগ্যশ্রী প্রকল্প, অ্যাকাউন্টে ঢুকবে ৩০০০ টাকা

প্রতিনিধিত্বমূলক চিত্র

অর্থাভাবে বহু মেধাবী ছাত্রছাত্রীর উচ্চশিক্ষার স্বপ্ন অধরাই থেকে যায়। সেই বাস্তবতা মাথায় রেখেই রাজ্য সরকার চালু করেছে ‘যোগ্যশ্রী’ প্রকল্প। মূলত চিকিৎসক ও ইঞ্জিনিয়ার হওয়ার লক্ষ্যে প্রস্তুতি নেওয়া পড়ুয়াদের আর্থিক ও একাডেমিক সহায়তা দিতেই এই উদ্যোগ।

এই প্রকল্পের আওতায় ২০২৭ সালে নিট, জেইই এবং ডব্লিউবিজেইই-তে বসতে চলা মেধাবী ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতি শনি ও রবিবার চার ঘণ্টা করে ক্লাসের ব্যবস্থা থাকবে। ক্লাসে উপস্থিতির ভিত্তিতে পড়ুয়াদের স্টাইপেনও দেওয়া হবে। প্রতি ক্লাসে ৩০০ টাকা হারে ১০ মাসে মোট ৩,০০০ টাকা।

আবেদন করা যাবে অনলাইন ও অফলাইন—দু’ভাবেই। অনলাইনে আবেদন করতে নির্দিষ্ট পোর্টালে গিয়ে ফর্ম পূরণ করে জমা দিতে হবে। প্রয়োজনীয় ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য সঠিকভাবে প্রদান করা বাধ্যতামূলক। অনলাইনে আবেদন করতে হবে https://wbbcdev.webstep.in -এই ওয়েবসাইটে। সেখানেই মিলবে ফর্ম। যাবতীয় প্রয়োজনীয় তথ্য দিয়ে ফিল আপ করে তা সাবমিট করতে হবে।  তবে কিছু শর্ত রয়েছে। আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৩ লক্ষ টাকার কম হতে হবে। একই সঙ্গে তাঁকে নির্দিষ্ট শিক্ষাবর্ষে উল্লিখিত প্রবেশিকা পরীক্ষাগুলিতে বসার পরিকল্পনা থাকতে হবে।


এই মুহূর্তে প্রকল্পটি পরীক্ষামূলক ভাবে চালু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। জেলার সাতটি কেন্দ্রে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। আপাতত ওই জেলার পড়ুয়ারাই আবেদন করতে পারবেন। পরবর্তীতে রাজ্যের অন্যান্য জেলাতেও ‘যোগ্যশ্রী’ প্রকল্প সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। সরকারের দাবি, আর্থিক প্রতিবন্ধকতা দূর করে মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার মূল স্রোতে নিয়ে আসাই এই উদ্যোগের লক্ষ্য।