প্রথম দফায় কলকাতায় ভোট নেই। তবু শহরে মদের দোকান বন্ধ হয়ে যাওয়ায় উঠল প্রশ্ন। এ নিয়ে বিস্ময় প্রকাশ করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকও।মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘আমিও তো এটা শুনে অবাক হচ্ছি। আমি এক্সাইজ কমিশনারকে জিজ্ঞেস করব কেন এই নির্দেশ জারি করা হয়েছে।’’
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, যে সব এলাকায় ভোট রয়েছে সেখানে ভোটের ৪৮ ঘণ্টা আগে ‘ড্রাই ডে’ ঘোষণা করা হয়। সেই অনুযায়ী, ২৩ এপ্রিল প্রথম দফার ভোটকে সামনে রেখে সংশ্লিষ্ট জেলাগুলিতে মঙ্গলবার সকাল থেকেই মদের দোকান বন্ধ থাকার কথা।প্রথম দফায় ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। এই দফায় উত্তরবঙ্গের প্রায় সব জেলা, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান রয়েছে।
কিন্তু যেখানে ভোট নেই, সেই কলকাতাতেও আগেভাগে মদের দোকান বন্ধ হয়ে যাওয়ায় বিভ্রান্তি ছড়িয়েছে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে।ভোটের সময়ে ‘ড্রাই ডে’ নতুন নয়। কিন্তু এ বার ভোটের আগে সোমবার থেকেই যেভাবে বিস্তৃত ভাবে দোকান বন্ধের নির্দেশ কার্যকর হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।এই সিদ্ধান্তের কারণ জানতে এক্সাইজ দফতরের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। এখন দেখার, এই বিভ্রান্তির জট কাটাতে প্রশাসন কী পদক্ষেপ করে।