উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ কবে? ইঙ্গিত চিরঞ্জীব ভট্টাচার্যের

মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর রাজ্যে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। ১২ ফেব্রুয়ারি থেকে চলা এই পরীক্ষায় এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৭ লক্ষ ১০ হাজারেরও বেশি। রাজ্যের সর্বত্র পরীক্ষা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা ও নজরদারি রাখা হয়েছে যাতে নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করা যায়। শুক্রবার পরীক্ষার পরিস্থিতি খতিয়ে দেখতে বীরভূমে যান উচ্চমাধ্যমিক কাউন্সিলের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

তিনি বোলপুর ও সিউড়ির একাধিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধার খোঁজ নেন। এদিনই ফল প্রকাশের সম্ভাব্য সময় নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দেন তিনি। কাউন্সিলের লক্ষ্য, পরীক্ষা শেষ হওয়ার প্রায় ৫০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা। সেই অনুযায়ী দ্রুত মূল্যায়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

কাউন্সিল সূত্রে জানা গিয়েছে, এবছর ছাত্রীদের সংখ্যা ছাত্রদের তুলনায় বেশি। নিয়মিত পড়ুয়াদের চতুর্থ সেমেস্টারের পরীক্ষা যেমন চলছে, তেমনই তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষাও নেওয়া হচ্ছে। পাশাপাশি পুরোনো পদ্ধতিতেও পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।


পরীক্ষা শুরুর দিন থেকেই কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন ও পুলিশ। কেন্দ্রগুলির আশপাশে নাকা চেকিং করা হচ্ছে। জঙ্গলমহল ও হাতির চলাচলের করিডোর এলাকা সংলগ্ন কেন্দ্রগুলিতেও বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা যাতে কোনও সমস্যায় না পড়েন, সেদিকেও প্রশাসনের নজর রয়েছে। সব মিলিয়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করাই লক্ষ্য কর্তৃপক্ষের।