খড়্গপুরে মাফিয়াদের বাড়ি বাড়ি হবে তল্লাশি জানালেন পুলিশ সুপার

West Medinipur Police Superintendent Photo-SNS

অভিষেক রায়: দুর্গাপূজার প্রাক্কালে পশ্চিম মেদিনীপুর পুলিশের প্রতিজ্ঞা, খড়্গপুরে রামবাবু, শ্রীনু নাইডু সহ বিভিন্ন সক্রিয় বা নিষ্ক্রিয় গ্যাংয়ের সদস্যদের বাড়ি বাড়ি অস্ত্রের খোঁজে তল্লাশি চালানো হবে। খড়্গপুরে কোনমতেই অন্ধকার দিন ফিরে আসতে দেওয়া হবে না। সাধারণ মানুষ যাতে নির্ভয়ে রাস্তায় চলাচল করতে পারে তা নিশ্চিত করা হবে । বুধবার খড়্গপুরের ২০ নং ওয়ার্ডে গুলি চালনার রহস্য ভেদ করার পরেই বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক ডেকে পুলিশের এই প্রতিজ্ঞার কথা জানিয়ে দেন পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা।

বুধবার সকাল ১১ টা নাগাদ গুলিবিদ্ধ হন খড়্গপুরের দক্ষিণ পূর্ব রেল মিক্সড হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র অক্ষয় ঝা। সাগরকুমার নামে এক বন্ধুর বাড়িতে রাখা রিভলবার বন্ধুর অনুপস্থিতিতে কৌতুহলবশত দেখতে গিয়ে গুলি ছুটে অক্ষয়ের বুকের বাঁদিকে লাগে ।

অক্ষয়ের বন্ধু সাগরকুমারের প্রাথমিক বয়ানে অসংগতি পাওয়ার পরেই পুলিশ টানা জিজ্ঞাসাবাদ করে এই সত্য বের করে আনে । পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে সাগর জানায়, তাদের বাড়িতে একটি নাইন এম এম পিস্তল রাখা ছিল। এই পিস্তলটা নাকি তার বাবা প্রসাদ রায়ের। ২০২২ সালে সাগরের বাবা প্রসাদ রাও জমি সংক্রান্ত বিবাদের জেরে খড়্গপুরের ২০ নং ওয়ার্ডে ওল্ড সেটেলমেন্ট বালাজি মন্দিরের কাছে দুষ্কৃতিদের গুলিতে ঝাঁঝরা হয়ে যান। প্রসাদ ছিলেন খড়্গপুরের মাফিয়া ডন শ্রীনু নাইডুর অনুগামী । বুধবার সকালে এই সাগরের রেল কোয়ার্টারে যায় অক্ষয়। সাগর শৌচাগারে যাওয়ার পর কৌতুহলবশত বন্দুক দেখতে গিয়ে গুলিবিদ্ধ হয় অক্ষয়। পরে সাগর তার আরও তিন বন্ধুকে সঙ্গে নিয়ে অক্ষয়ের গুলিবিদ্ধ হওয়ার ঘটনার একটা মনগড়া কাহিনী তৈরি করে। পুলিশের জিজ্ঞাসাবাদের জেরে আসল তথ্য উঠে আসে। এর পরেই পুলিশ সাগর কুমার রাও, বিশাল জানা এবং কোলা যজ্ঞেশ্বর রাওকে গ্রেপ্তার করে। আরেকজন পলাতক । উদ্ধার করা হয়েছে একটি নাইন এমএম পিস্তল ও তিনটি তাজা কার্তুজ। রেল কোয়ার্টার থেকে রক্তমাখা জামা কাপড়ও উদ্ধার করা হয়।
জেলা পুলিশ সুপার জানান, এই ঘটনার সঙ্গে কোন গ্যাং ওয়ার বা হামলার যোগ নেই। এরপরেই তিনি খড়গপুর শহরের বিভিন্ন মাফিয়া গ্রুপের সদস্যদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন। কলকাতার বেসরকারি হাসপাতালে বৃহস্পতিবার দুপুরে অক্ষয়ের অপারেশন চলছে।