আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশের বড়সড় প্রশাসনিক রদবদল করল নবান্ন। রাজ্যের বিভিন্ন জেলায় কর্মরত মোট ১০৯ জন ইনস্পেক্টর পদমর্যাদার পুলিশ আধিকারিককে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই বদলির কথা জানানো হয়েছে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, বদলির তালিকায় বিভিন্ন থানার ভারপ্রাপ্ত আধিকারিকরাও রয়েছেন। নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক কাজকর্ম আরও সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যেই এই রদবদল করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিককে পশ্চিমবঙ্গ পুলিশের দুর্নীতি দমন শাখায় ইনস্পেক্টর পদে আনা হয়েছে। অন্যদিকে দার্জিলিং সদর থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভ্র সান্যালকে পশ্চিম মেদিনীপুর জেলার কোতওয়ালি থানার দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়াও বারাসত পুলিশ ডিভিশনের আমডাঙা থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজকুমার সরকারকে রানাঘাট পুলিশ ডিভিশনের নাকাশিপাড়ায় সার্কল ইনস্পেক্টর পদে পাঠানো হয়েছে।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখতে এবং প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে এই ধরনের রদবদল নিয়মিতভাবে করা হয়।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই রাজ্যে আরও একটি বড় প্রশাসনিক বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তখন ২৬ জন পুলিশ আধিকারিকের বদলি করা হয়। সেই তালিকায় ২৩ জন আইপিএস এবং তিন জন ডব্লিউবিপিএস আধিকারিকও ছিলেন।
প্রশাসনিক মহলের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের পুলিশ প্রশাসনে এই ধরনের রদবদল আগামী দিনেও হতে পারে।