মিড ডে মিল রান্নায় তেল ও গ্যাস কম ব্যবহারের কড়া নির্দেশ রাজ্যের

Mid Day Meal Photo-SNS

প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পের অধীনে স্কুলের মিড ডে মিল রান্নায় রান্নার তেল এবং রান্নার গ্যাসের ব্যবহার কমানোর নির্দেশ দিল পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দপ্তর। রাজ্যের সমস্ত জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট শিক্ষা আধিকারিকদের এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

গত ১৮ মে স্কুল শিক্ষা দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিবের তরফে জারি হওয়া নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের মুখ্যসচিবের নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, মিড ডে মিল তৈরির সময় রান্নার তেল এবং এলপিজি গ্যাসের ব্যবহার যতটা সম্ভব কমাতে হবে।

রাজ্যের সব স্কুলকে অবিলম্বে এই নির্দেশ কার্যকর করার কথা বলা হয়েছে। শিক্ষা দপ্তর সূত্রে খবর, জ্বালানি সাশ্রয় এবং ব্যয় নিয়ন্ত্রণের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একইসঙ্গে স্বাস্থ্যকর রান্নার দিকেও জোর দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।


তবে এই নির্দেশ ঘিরে বিভিন্ন মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, মিড ডে মিলের গুণমান বজায় রেখে কীভাবে তেল ও গ্যাসের ব্যবহার কমানো হবে, সেটাই এখন বড় চ্যালেঞ্জ। বিশেষ করে গ্রামীণ এলাকার বহু স্কুলে রান্নার পরিকাঠামো সীমিত হওয়ায় নতুন নির্দেশ বাস্তবায়নে সমস্যা তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

শিক্ষা দপ্তর জানিয়েছে, জেলা স্তরের আধিকারিকরা নিয়মিত নজরদারি চালাবেন এবং কোথাও নির্দেশ অমান্য হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।