রাজ্যের প্রশাসনিক কাজে গতি আনতে বড়সড় রদবদল করল পশ্চিমবঙ্গ সরকার। একসঙ্গে ১৭ জন আইএএস আধিকারিককে বদলির নির্দেশ জারি করেছে রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর। বদলির তালিকায় রয়েছেন একাধিক দপ্তরের কমিশনার, অতিরিক্ত জেলাশাসক এবং গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে থাকা আধিকারিকরা।
নবান্ন সূত্রে খবর, জেলা স্তরের প্রশাসনিক কাজ আরও শক্তিশালী করা এবং বিভিন্ন দপ্তরের কাজের গতি বাড়াতেই এই রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১০ ব্যাচের আইএএস আধিকারিক সুজয় সরকারকে বিধাননগর পুরসভার কমিশনার পদ থেকে সরিয়ে রাজ্যের বস্ত্র ও রেশম শিল্প দপ্তরের কমিশনার এবং রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘তন্তুজা’-র ম্যানেজিং ডিরেক্টর করা হয়েছে।
তাঁর জায়গায় আনা হয়েছে ২০১৭ ব্যাচের আইএএস আধিকারিক রবি আগরওয়ালকে। তিনি এতদিন পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসক পদে কর্মরত ছিলেন। এছাড়া, নেতাজি সুভাষ প্রশাসনিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সহযোগী অধ্যাপক হিন্দোল দত্তকে আসানসোল পুরনিগমের নতুন কমিশনার করা হয়েছে।
কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক নীতিন সিঙ্ঘানিকে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের সিনিয়র বিশেষ সচিব পদে পাঠানো হয়েছে। পাশাপাশি তাঁকে ‘সেন্টার অফ এক্সেলেন্স ইন পাবলিক ম্যানেজমেন্ট’-এর সদস্য সচিব এবং সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের কোর্স ডিরেক্টরের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে।
মালদহের অতিরিক্ত জেলাশাসক শেখ আনসার আহমেদকে পশ্চিম মেদিনীপুরে একই পদে বদলি করা হয়েছে। অন্যদিকে, ২০১৩ ব্যাচের আইএএস আধিকারিক রজত নন্দকে কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের দায়িত্বের পাশাপাশি মন্ত্রিসভা সচিবালয়ের যুগ্মসচিব এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক ধীমান বড়াইকে কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের বিশেষ সচিব করা হয়েছে। হাওড়ার অতিরিক্ত জেলাশাসক প্রিয়দর্শিনী এস-কে পাঠানো হয়েছে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের বিশেষ সচিব পদে। দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক প্রশান্ত রাজ শুক্লাকে বাঁকুড়ায় বদলি করা হয়েছে। উত্তর দিনাজপুরের সুমন সৌরভ মহান্তিকে পশ্চিম বর্ধমানে এবং দক্ষিণ দিনাজপুরের রাজেশকে জলপাইগুড়িতে অতিরিক্ত জেলাশাসক হিসেবে পাঠানো হয়েছে।
২০১৮ ব্যাচের আইএএস আধিকারিক লক্ষ্মণ পেরুমল আর-কে বাঁকুড়া থেকে ঝাড়গ্রামে বদলি করা হয়েছে। জলপাইগুড়ির সিনজন শেখরকে হাওড়া এবং নদিয়ার অর্চনা পি ওয়াংখেড়েকে পূর্ব মেদিনীপুরে পাঠানো হয়েছে একই পদে।
এছাড়া ২০২০ ব্যাচের আইএএস আধিকারিক মঞ্জিত কুমার যাদবকে বাঁকুড়া থেকে দক্ষিণ ২৪ পরগনায়, সৌরভ পাণ্ডেকে উত্তর দিনাজপুর থেকে পশ্চিম মেদিনীপুরে এবং একম জে সিংকে পশ্চিম মেদিনীপুর থেকে বাঁকুড়ায় বদলি করা হয়েছে। প্রশাসনিক মহলের একাংশের মতে, নতুন সরকারের প্রশাসনিক অগ্রাধিকার স্পষ্ট করতেই এই রদবদল অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।