শুভম বোস: দ্বিতীয় দফার বিধানসভা ভোটের আগের রাতেই নতুন উদ্বেগ নির্বাচন কমিশনের নজরে। বুথের ভিতরে গোপনে নজরদারির অভিযোগে এ বার সামনে এসেছে ‘বাল্ব ক্যামেরা’। কমিশন সূত্রে খবর, রাজ্যের একাধিক বুথে এমন ক্যামেরা লাগানোর সম্ভাবনার খবর মিলতেই সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের সব স্তরে।
জানা গিয়েছে, সাধারণ বৈদ্যুতিক বাল্বের আদলে তৈরি এই বিশেষ যন্ত্রের ভিতরেই থাকে ছোট আকারের ক্যামেরা। যেখানে সাধারণত ফিলামেন্ট থাকে, সেই অংশেই বসানো থাকে নজরদারির লেন্স। বাইরে থেকে দেখলে সেটি সাধারণ বাল্ব বলেই মনে হয়। বাজারে এই ধরনের ক্যামেরার দাম প্রায় ১,৫০০ থেকে ২,৫০০ টাকার মধ্যে।
কমিশনের আশঙ্কা, বুথের ভিতরে ইভিএমের উপরে বা সিলিংয়ে এ ধরনের বাল্ব বসিয়ে ভোটগ্রহণ প্রক্রিয়ার গোপনীয়তা ভঙ্গের চেষ্টা হতে পারে। সেই কারণেই দায়িত্বে থাকা সমস্ত পুলিশ অবজ়ার্ভার, জেনারেল অবজ়ার্ভার এবং প্রিজাইডিং অফিসারদের বিশেষ নির্দেশ পাঠানো হয়েছে। কোনও বুথে ইভিএমের উপরে বা ছাদের দিকে লাগানো সন্দেহজনক বাল্ব থাকলে তা ভালো করে পরীক্ষা করে দেখতে বলা হয়েছে।
কমিশন সূত্রে আরও খবর, ভোটের দিন কোনও বুথ থেকে এ ধরনের অভিযোগ এলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট সামগ্রী বাজেয়াপ্ত করে তদন্তও শুরু করা হতে পারে।
তবে কোন জেলা বা কোন বিধানসভা কেন্দ্র থেকে এই অভিযোগ এসেছে, তা এখনও স্পষ্ট করেনি কমিশন। ভোটের আগের মুহূর্তে এই ঘটনায় স্বাভাবিক ভাবেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।