ভোট গণনায় প্রস্তুতি সম্পূর্ণ, ৪৫৮ কেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থা

নিজস্ব চিত্র

আজকের ভোট গণনাকে ঘিরে সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ বলে জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক। রাজ্যের ৪৫৮টি গণনা কেন্দ্রে একযোগে ভোট গণনা হবে এবং প্রতিটি কেন্দ্রে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

নির্বাচনী দপ্তর সূত্রে খবর, গণনা কেন্দ্রগুলিতে নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারি থাকবে। পাশাপাশি, গোটা প্রক্রিয়াকে স্বচ্ছ রাখতে একাধিক পর্যায়ের নজরদারি চালানো হবে।

তমলুকে স্ট্রং রুমে প্রবেশ নিয়ে বিজেপির অভিযোগ প্রসঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি আশ্বাস দিয়ে জানান, ‘পর্যাপ্ত সময় রয়েছে এবং সবাইকে নিয়ম মেনে প্রবেশের সুযোগ দেওয়া হবে। উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই।’


এদিকে, জয়ের পর বিজয় মিছিল নিয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। জানানো হয়েছে, সংশ্লিষ্ট জেলার জেলাশাসকরাই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। যথাযথ অনুমতি ছাড়া কোনও বিজয় মিছিল করা যাবে না বলেও জানানো হয়েছে।

সব মিলিয়ে, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে ভোট গণনা সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে।