কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সেভাবে ভারী বৃষ্টির দেখা নেই। গত কয়েকদিন কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির দেখা মিলেছে। কিন্তু ছিটেফোঁটা বৃষ্টির দেখা মিললেও গরম অব্যাহত। প্যাচপ্যাচে গরমে একেবারে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। সকলে এখন শুধু বৃষ্টির অপেক্ষায়। এদিকে অতি ভারী বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গ।
বৃহস্পতিবারও কলকাতায় একই রকম পরিস্থিতির দেখা মিলেছে। আকাশ মেঘলা খাকলেও কলকাতায় বৃষ্টির দেখা নেই। এমন পরিস্থিতিতে কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর?
দক্ষিণবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কোনও কোনও জায়গায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
কলকাতার আবহাওয়া
বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়ার দেখা মিলছে। আকাশে মেঘের দেখা মিললেও এখনও পর্যন্ত সেভাবে বৃষ্টির দেখা মেলেনি। কলকাতায় আজ সারাদিনই গরম ও অস্বস্তিকর আবহাওয়ার দেখা মিলবে। তবে কলকাতার কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ সবোর্চ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদার কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। এর পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।