রোদ ঝলমলে আকাশ হঠাৎই কালো করে বৃষ্টি নামে। মঙ্গলবার প্রবল ঝড়বৃষ্টির তাণ্ডবে কার্যত লন্ডভন্ড অবস্থা হয়েছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। ঝড়ের দাপটে অনেক জায়গায় রাস্তায় গাছ পড়ে পুরো যান চলাচল অবরুদ্ধ হয়ে যায়। এর পাশাপাশি উত্তর থেকে দক্ষিণ অনেক জায়গাতেই বজ্রপাতে মৃত্যুর খবর শোনা গিয়েছে। মঙ্গলবারের সেই ঝড়ের তাণ্ডবের দেখা কি বুধবারও মিলবে? কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর?
কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
আবহাওয়া দপ্তর সূত্রের খবর, বুধবার কলকাতায় সাধারণত মেঘলা আকাশের দেখা মিলবে। কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। এদিন কলকাতায় সবোর্চ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এই তিন জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে উত্তরবঙ্গের কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
হাওয়া অফিস সূত্রের খবর, রাজস্থান থেকে বিহার পর্যন্ত যে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত তা উত্তরপ্রদেশের উপরে রয়েছে। এর জেরে রাজ্যে আগামী কয়েকদিন আবহাওয়ার বদল হতে পারে।