বঙ্গোপসাগরে ক্রমেই শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’। মঙ্গলবার পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে বৃহস্পতিবার সকালে আরও শক্তি সঞ্চয় করবে ঘূর্ণিঝড়টি। শুক্রবার দুপুর নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড়ের আকার নিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পরতে পারে ‘অ্যাকাভান’। নেল্লোর ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী কোনও এলাকায় ঘূর্ণিঝড়টি ঢুকতে পারে। সেই সময় ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার। দমকা হাওয়ার বেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত।
ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গেও। বুধবার থেকেই আবহাওয়া বদলাতে পারে। সকাল থেকেই আকাশ থাকবে মেঘলা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় ভ্যাপসা গরম ও অস্বস্তি বাড়বে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। ফলে শীতের আমেজে কিছুটা হলেও ভাঁটা পড়বে।
আলিপুর আবহাওয়া দপ্তরে অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা এবং হাওড়ার কয়েকটি জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।
বৃহস্পতিবার থেকে পরিস্থিতি আরও পরিবর্তন হতে পারে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়বে বৃষ্টির সম্ভাবনা। দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা এবং হাওড়ার বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরের দু-একটি এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। শুক্রবারও দুর্যোগের আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টা ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
শনিবারও দক্ষিণবঙ্গের সমস্ত জেলার বৃষ্টি, বজ্রপাত এবং দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। তবে রবিবার থেকে পরিস্থিতি কিছুটা বদলাতে পারে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের প্রভাবে মৎস্যজীবীদের জন্য এখনও পর্যন্ত কোনও সতর্কতা জারি করা হয়নি। তবে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর মৎস্যজীবীদের ২০ নভেম্বর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।