বিনিয়োগ করতে শিল্পপতিরা যোগাযোগ করছেন, শিল্পমন্ত্রী তাপস দিলেন বড় খবর

রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের জন্য শিল্প দরকার। পশ্চিমবঙ্গে বিনিয়োগ এলেই কর্মসংস্থান বাড়বে। আর শিল্পমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর তাপস রায় জানিয়েছিলেন, আবার টাটাকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনা হবে। প্রয়োজনে তিনি নিজে যাবেন কথা বলতে। আর রাজ্যে ভারী শিল্প এলেই বেকারদের কর্মসংস্থানের জোয়ার আসবে। মঙ্গলবার পশ্চিমবঙ্গে বিনিয়োগ করার ইচ্ছাপ্রকাশ করে তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন অন্তত ৪২ জন শিল্পপতি বলে জানালেন শিল্পমন্ত্রী তাপস রায়।

এদিকে রাজ্যে শিল্প নিয়ে আসার জন্য বণিকসভায় লাগাতার বক্তব্য রেখে চলেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শিল্পপতিদের সঙ্গে একের পর এক বৈঠক করে চলেছেন। এমনকী কেন্দ্রীয় সরকারের সঙ্গেও লাগাতার যোগাযোগ রেখে শিল্প নিয়ে আসতে চেষ্টা করছেন। এবার শিল্পমন্ত্রী তাপস রায় জানিয়েছেন, এই বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি যাঁরা যোগাযোগ করেছেন। নবান্ন সূত্রে খবর, চলতি বাজেট অধিবেশনে শিল্পক্ষেত্রে বিনিয়োগ নিয়ে বড় ঘোষণা হতে পারে। ক্ষমতায় এসেই শুভেন্দু অধিকারীর সরকার জানিয়েছিল, রাজ্যে শিল্প নিয়ে এলেই উন্নয়ন হবে। এই নিয়ে তিনি নিজে হস্তক্ষেপ করবেন।

অন্যদিকে বিজেপি পশ্চিমবঙ্গে প্রথমবার ক্ষমতায় এসেছে। তারপর আমূল কোম্পানি বিনিয়োগ করতে এসেছে। একইসঙ্গে শিল্প এবং অর্থনীতির পুনরুজ্জীবনের লক্ষ্যে নীতি আয়োগকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার একটি ব্লুপ্রিন্ট তৈরি করতে বলা হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। নীতি আযোগের ভাইস চেয়ারম্যান অশোক লাহিড়ীর নেতৃত্বে সেই কাজ শুরুও হয়ে গিয়েছে। একাধিক শিল্পপতিদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। যাতে পশ্চিমবঙ্গে শিল্প-কলকারখানা গড়ে ওঠে।


তাছাড়া রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় জানালেন, ৪২ জন শিল্পপতি এই রাজ্যে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন। বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে আগামী ২২ জুন। ২০২৬-২৭ অর্থবর্ষের রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। রাজ্যের অর্থনৈতিক পুনরুদ্ধার, শিল্পায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, কৃষি ও পরিকাঠামো উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হতে পারে বলে সূত্রের খবর।