হলদিয়ায় প্রধানমন্ত্রীর সভার জন্য নির্ধারিত সময় ছিল সকাল সাড়ে ৯টা। তবে বিজেপি সূত্রে খবর, সাড়ে ১১টা নাগাদ মোদীর মঞ্চে ওঠার কথা ছিল। কিন্তু বুধবারের পর বৃহস্পতিবারও হলদিয়ার বিস্তীর্ণ অংশে মাঝারি বৃষ্টি হয়। সভাস্থলের কিছু জায়গায় জল জমে যায়। নির্ধারিত সময়ের কিছু পরেই শুরু হয় মোদীর সভা। সভা থেকে মোদী ডবল ইঞ্জিন সরকার গড়ার ডাক দেন।
হলদিয়ার সভায় প্রধানমন্ত্রী বললেন, ‘পাঁচ বছর আগে নন্দীগ্রাম পরিবর্তনের পথ দেখিয়েছিল। এ বার তার পুনরাবৃত্তি হবে ভবানীপুরে। গোটা পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে।’ মোদী বলেন, ‘দেশ এগোচ্ছে, কিন্তু নির্মম সরকার বাংলাকে পিছিয়ে দিয়েছে। হলদিয়ার কারখানায় তালা ঝুলছে।’
তৃণমূল রাজ্যের যুব সরকারকে ধোঁকা দিয়েছে বলে অভিযোগ করলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বিজেপিশাসিত রাজ্যে রোজগার মেলা হয়। বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরে এই রাজ্যেও রোজগার মেলা শুরু হবে।’ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর আরও দু’টি সভা রয়েছে। ওই সভা দু’টিও নির্ধারিত সময়ের কিছুটা পরে শুরু হতে পারে।