রাস্তায় ছড়িয়ে ভিভিপ্যাট স্লিপ, ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন নোয়াপাড়ায়

নিজস্ব চিত্র

ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নতুন করে উদ্বেগ ছড়াল উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নীলগঞ্জ সুভাষনগরের সুভাষনগর পেট্রোল পাম্পের কাছে একটি গলিতে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় ভিভিপ্যাট স্লিপ। ঘটনাটি সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

এক রাজনৈতিক কর্মী দাবি করেছেন, রাস্তায় পড়ে থাকা ওই স্লিপগুলি নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের। বিষয়টি নিয়ে দ্রুত প্রশাসনের নজরে আনা হয়েছে বলেও জানা গিয়েছে। কীভাবে এই গুরুত্বপূর্ণ ভোট সংক্রান্ত স্লিপ রাস্তায় এল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, ভোটের মতো স্পর্শকাতর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সামগ্রী এভাবে বাইরে পড়ে থাকা অত্যন্ত উদ্বেগজনক। এতে ভোট প্রক্রিয়ার নিরাপত্তা ও নিরপেক্ষতা নিয়ে সংশয় তৈরি হতে পারে।

এদিকে প্রশাসনের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে নির্বাচন দপ্তরের কর্তারা বিষয়টি খতিয়ে দেখছেন বলে সূত্রের খবর। কীভাবে এই স্লিপগুলি বাইরে এল, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেই অনুমান করা হচ্ছে।


ঘটনাটি সামনে আসার পর রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। বিরোধীদের দাবি, ‘এ ধরনের ঘটনা ভোট প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলে।’ অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘পুরো বিষয়টি খতিয়ে দেখা দরকার, তড়িঘড়ি কোনও সিদ্ধান্তে পৌঁছনো ঠিক নয়।’

এই ঘটনার জেরে এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। নির্বাচন সংক্রান্ত সমস্ত উপকরণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।