সিনিয়র অধ্যাপককে সাসপেন্ড করল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, সরব ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশন

Viswa Bharati University Photo-SNS

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বিতর্ক লেগেই আছে। নানা বিষয়ে সেখানে ছাত্রছাত্রীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে কর্তৃপক্ষের বিবাদ দেখা গিয়েছে আগে। এবার অর্থনীতি বিভাগের সিনিয়র অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে হঠাৎ সাসপেন্ড করল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এমনকী এই সংক্রান্ত নির্দেশ জারি করেছেন উপাচার্য। অক্টোবর মাসে তাঁকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছিল। নভেম্বর মাসের প্রথমে তার জবাব দেন ওই অধ্যাপক। তবে ওই জবাব সন্তোষজনক নয় বলে জানিয়ে দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এবার তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই প্রক্রিয়া চলার পথেই তাঁকে সাসপেন্ড করা হয়েছে বলে নির্দেশে উল্লেখ রয়েছে।

এদিকে নিয়ম আছে, বিভাগীয় তদন্ত চলাকালীন সাসপেন্ড করা যায়। সুতরাং বিশ্বভারতী যে নিয়ম বহির্ভূত কাজ করেছে তেমন নয়। বরং সাসপেনশন চলাকালীন অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য নিয়ম অনুযায়ী নির্ধারিত অর্থ পাবেন। এমনকী বিশ্বভারতী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয় ছেড়ে যেতে পারবেন না তিনি। এই সিদ্ধান্তের প্রতিবাদে ইতিমধ্যেই ই-মেইল মারফত সরব হয়েছে বিশ্বভারতী ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশন। এই সংগঠনের অভিযোগ, অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে প্রতিহিংসা করেই সাসপেন্ড করা হয়েছে। অবিলম্বে নির্দেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন সংগঠনের সদস্যরা। তবে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ কোনও মন্তব্য করতে চাননি।

অন্যদিকে বিশ্বভারতী ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অ্যাসেসিয়েশন সূত্রে খবর, এই শিক্ষক সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক সুদীপ্ত ভট্টাচার্য এখানে সংগঠনের কার্যনির্বাহী সমিতির সদস্য। একটি সম্পাদকীয় কমিটি থেকে পদত্যাগ করার পর তিনি ই-মেলে সেই চিঠির প্রতিলিপি কমিটির কয়েকজন সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের পাঠিয়েছিলেন। এই ঘটনাকেই অসদাচরণ হিসেবে দেখছে প্রশাসন। তাঁর পদত্যাগপত্র আগেই প্রশাসন গ্রহণ করেছিল। নতুন চেয়ারপার্সন নিয়োগের দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়াও সম্পন্ন হয়। আর কয়েক সপ্তাহ বাদে ওই ই-মেইল পাঠানোকে কেন্দ্র করে শাস্তির পদক্ষেপ করা হয়েছে। ভিন্নমত পোষণকারী শিক্ষকদের ভয় দেখাতেই এই সিদ্ধান্ত।


তাছাড়া বহুদিন ধরে শিক্ষক সংগঠনের দাবি নিয়ে আলোচনায় বসছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। উলটে শিক্ষকদের প্রতিবাদের জবাবে শাস্তির পদক্ষেপ করা হচ্ছে। অবসরের মুখে থাকা সুদীপ্ত ভট্টাচার্যের সাসপেনশনের জেরে তাঁর অবসরকালীন সুযোগ-সুবিধা এবং প্রাপ্য অর্থ নিয়েও আশঙ্কা প্রকাশ করেছে বিশ্বভারতী ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অ্যাসেসিয়েশন। বিশ্বভারতীর শিক্ষাগত পরিকাঠামো ও র‍্যাঙ্কিং নিয়েও প্রশাসনকে আক্রমণ করেছে সংগঠনটি। সংগঠনের দাবি, কিউএস এশিয়ান ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ২০২৫ সালে ৮০১-৮৫০-এর মধ্যে থাকা বিশ্বভারতী ২০২৬ সালে নেমে এসেছে ৯৫১-১০০০ র‍্যাঙ্কিংয়ের মধ্যে। সেখানে পড়াশোনা এবং গবেষণার পরিকাঠামো উন্নয়ন করার বদলে প্রবেশদ্বার, প্রাচীর এবং নজরদারি ক্যামেরা বসানোর দিকেই প্রশাসন বেশি গুরুত্ব দিচ্ছে। অবিলম্বে সাসপেনশনের নির্দেশ প্রত্যাহার এবং শিক্ষক সংগঠনের সঙ্গে আলোচনায় বসার দাবি জানিয়েছে শিক্ষক সংগঠন।