রাজ্য উৎসবের মর্যাদা পেয়েছে চন্দননগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো। উৎসবের আয়োজনে রাজ্য সরকারের তরফে বরাদ্দ করা হয়েছে পাঁচ কোটি টাকা। এই স্বীকৃতির পর এবার আরও বড় আকারে উৎসব আয়োজনের প্রস্তুতি চলছে। সেই সঙ্গে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে একাধিক কড়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় পুজো কমিটি। চোরবাগানের ঘটনার পরিপ্রেক্ষিতে এবার কোনও পুজো মণ্ডপে ভিআইপি প্রবেশের ব্যবস্থা রাখা হচ্ছে না। শোভাযাত্রা ও প্রতিমা নিরঞ্জনের সময় ডিজে এবং সব ধরনের আতশবাজির উপরেও নিষেধাজ্ঞা জারি হয়েছে।
কেন্দ্রীয় পুজো কমিটির নির্দেশিকা অনুযায়ী, কোনও মণ্ডপে ভিআইপি গেট বা ভিআইপি পাসের ব্যবস্থা রাখা যাবে না। শব্দদূষণ নিয়ন্ত্রণে সাউন্ড ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট বিধিনিষেধ মানতে হবে। ডিজে সাউন্ড সম্পূর্ণ নিষিদ্ধ। প্রতিটি পুজো মণ্ডপের ভিতরে প্রতিমার দিকে সিসি ক্যামেরা বসানো বাধ্যতামূলক করা হয়েছে। শোভাযাত্রা ও নিরঞ্জনের সময় প্রতিটি প্রতিমাবাহী গাড়িতে দু’টি করে অগ্নিনির্বাপক সিলিন্ডার রাখতে হবে। পুজোর উদ্বোধন, পুজোর দিন এবং প্রতিমা নিরঞ্জনের সময় কোনোরকম আতশবাজি পোড়ানো বা ফাটানো যাবে না।
শোভাযাত্রা সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য এবার পাঁচটি নতুন সেক্টর বাড়ানো হয়েছে। ফলে মোট সেক্টরের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫। প্রতিটি সেক্টরের দায়িত্বে থাকবেন একজন করে ইনচার্জ। তাঁদের সঙ্গে থাকবেন ১৭৫ জন স্বেচ্ছাসেবক। অর্থাৎ, ২৫ জন সেক্টর ইনচার্জ-সহ মোট ২০০ জন কর্মী শোভাযাত্রা পরিচালনার দায়িত্বে থাকবেন। প্রতিমা নিরঞ্জনের জন্য চন্দননগর থানার অধীনে আটটি এবং ভদ্রেশ্বর থানার অধীনে ছ’টি ঘাট নির্দিষ্ট করা হয়েছে। নির্ধারিত ঘাটগুলিতেই নিরঞ্জনের ব্যবস্থা করা হবে।
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে শোভাযাত্রার বিস্তারিত পরিকল্পনা ও নির্দেশিকা প্রকাশ করেন কেন্দ্রীয় পুজো কমিটির সদস্যরা। কমিটির সাধারণ সম্পাদক শুভজিৎ সাউ জানান, আগামী ১৯ নভেম্বর শোভাযাত্রা ও নিরঞ্জন পর্ব অনুষ্ঠিত হবে। এবার মোট ৬৮টি পুজো কমিটি শোভাযাত্রায় অংশ নেবে। এর মধ্যে চন্দননগর থানার অধীনে ৫৬টি এবং ভদ্রেশ্বর থানার অধীনে ১২টি শোভাযাত্রা হবে। সব মিলিয়ে ২৪৫টি লরি অংশ নেবে। চন্দননগর থানার অধীনে থাকবে ২০১টি এবং ভদ্রেশ্বর থানার অধীনে ৪৪টি লরি।
কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা তথা চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ বলেন, এ বছর চন্দননগরের জগদ্ধাত্রী পুজোকে স্টেট ফেস্টিভ্যাল’-এর যে সম্মান রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়েছেন, তাতে আমরা সকলেই কৃতজ্ঞ। উল্লেখ্য, শুক্রবার, ১৩ নভেম্বর চন্দননগরের প্রাচীন আদি মায়ের পুজোর উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তাঁর হাতেই জগদ্ধাত্রী পুজোর আনুষ্ঠানিক সূচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এ উপলক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সের ধাঁচে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলেও জানা গিয়েছে।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/eb8_EaSGfOk?si=Rd1CgdRbThFBwYHn” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>