মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন অভিনেতা অনুপম খের, কী কথা হলো দুপক্ষের?

পূর্ত দপ্তরের টেন্টের বাইরে হঠাৎ ভিড় দেখা গেল। কেউ কিছু বলতে চাইছেন না। এই আবহে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওই টেন্টের ভিতরে রয়েছেন। তাহলে কে আসছেন এখানে? এই প্রশ্ন উঠতে শুরু করে নিরাপত্তার বহর দেখে। সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের’র ১৮৯ তম জন্মজয়ন্তী উদযাপন নিয়ে ভিতরে বৈঠক চলছে বলেও জানা গেল। কিন্তু ভিড় দেখে বোঝা যাচ্ছিল, কোনও বড় মাপের ব্যক্তি দেখা করতে আসছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। সেই অনুমানই সত্যি হলো। সেখানে এসে পৌঁছলেন বলিউড অভিনেতা অনুপম খের। বাংলায় একটি ছবি তৈরি করতে চান অনুপম খের। ছবির নাম ‘শুরু থেকে শুরু’। আর তা নিয়ে কথা বলতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন এই বিশিষ্ট অভিনেতা।

এদিকে এই বিশিষ্ট অভিনেতাকে দেখতে ভিড় জমান সাধারণ মানুষও। নিরাপত্তা বেষ্টনি ততক্ষণে আঁটসাঁট করা হয়েছে। আর সেখানে এসে অনুপম খের বেশ কিছুক্ষণ বৈঠক করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। তারপর বৈঠক থেকে বেরতেই সাংবাদিকদের মুখোমুখি হতে হয় তাঁকে। সাংবাদিকদের অনুপম বলেন, ‘২৬ বছর পর বাংলায় একটা সিনেমা তৈরি করতে চলেছি। সেটা অফিসিয়ালি বলেছি। ২৬ বছর আগে ঋতুপর্ণ ঘোষের সিনেমা বাড়িওয়ালিতে অভিনয় করেছি। আমাদের শুভকামনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।’

অন্যদিকে এখানে একটি অভিনয় শেখানোর স্কুলও তৈরি করতে চান বলে জানান অনুপম খের। সুতরাং পশ্চিমবঙ্গের যেসব ছেলে-মেয়েরা অভিনয় জগতে আসতে চান তাঁরা এখানে শিখতে পারবেন। আর অভিনয়ের সঙ্গে যুক্ত হয়ে তাঁরা রোজগার করতে পারবেন। সুতরাং একটা কর্মসংস্থানও হবে। এই বিষয়ে অনুপম খের বলেছেন, ‘এখানে যে পরিবর্তন মুখ্যমন্ত্রী আনতে চাইছেন, সেটা সত্যিই ভাল উদ্যোগ। বাংলা সম্ভাবনার জায়গা। আরও উন্নতির দিকে নিয়ে যেতে চান মুখ্যমন্ত্রী। এই সিনেমার নাম শুরু থেকে শুরু। আমি মুখ্যমন্ত্রীকেও এটাই জানিয়ে এসেছি, শুরু থেকেই শুরু করুন। আমি তো সব এখান থেকেই শিখেছি।’


তাছাড়া অভিনেতাকে প্রশ্ন করা হয়, নতুন জমানায় পশ্চিমবঙ্গকে কেমন দেখছেন? জবাবে অনুপম খেরের প্রতিক্রিয়া, ‘গতকালই যখন কলকাতায় বিমান থেকে নামলাম, দেখলাম, পরিবেশ অনেক পরিষ্কার-পরিচ্ছন্ন। খুব ভাল লাগছে এখানে এসে। পশ্চিমবঙ্গের সঙ্গে আমার পুরনো পরিচয়। এখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে খুব ভাল লাগল। উনি খুবই সদর্থক কথা বলেছেন। সরকারের সাহায্য পাবো। সবার ভাল হোক।’