কখনও তপ্ত গরম তো কখনও আবার দুপুর গড়াতেই ঝাঁপিয়ে নামছে বৃষ্টি। আবহাওয়ার এই মুড সুইংয়ে একেবারে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। ইতিমধ্যেই উত্তরবঙ্গে বর্ষা ঢুকে গিয়েছে। এবার দক্ষিণবঙ্গেও আশার খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর।
বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী সাতদিন বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে কারণে দক্ষিণবঙ্গের আট জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের দু’-একটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বিহারের উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে বর্ষা ঢুকে গিয়েছে। উত্তরের অধিকাংশ জেলায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে। ফলে রাজ্যের প্রায় সব জেলাতেই বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশাতেও আগামী তিন-চার দিনের মধ্যে বর্ষা ঢুকে যাবে বলে আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং, দার্জিলিং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। উত্তরবঙ্গের বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তবে কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আগামী সাতদিন বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। এই সমস্ত জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।