শহরের বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ নির্বিঘ্নে চালিয়ে যেতে রবিবারও খোলা থাকছে কলকাতা পুরসভার একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর। শনিবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে কলকাতা পুরসভা।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, স্বচ্ছতা অভিযান, জনকল্যাণ শিবির, অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত এবং যোগা দিবসের প্রস্তুতির মতো বিভিন্ন সরকারি কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই ১৪ জুন, রবিবার ছুটির দিনেও বেশ কয়েকটি দপ্তর খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশিকা অনুযায়ী, পুরসভার সদর দপ্তরের স্বাস্থ্য, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা (এসডব্লিউএম), নিকাশি, সিভিল ইঞ্জিনিয়ারিং, তথ্যপ্রযুক্তি, আলো ও বিদ্যুৎ এবং সমাজকল্যাণ ও নগর দারিদ্র্য বিমোচন বিভাগের অফিস খোলা থাকবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগের সমস্ত বরো অফিসও কাজ করবে।
পুর কমিশনারের দপ্তরের তরফে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান ও বরো এক্সিকিউটিভ অফিসারদের প্রয়োজনীয় কর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। সরকারি প্রকল্পগুলির বাস্তবায়নে যাতে কোনও বাধা না আসে, সে জন্য প্রয়োজনীয় সমন্বয় ও পরিকাঠামোগত ব্যবস্থাও গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পুরসভার দাবি, জনস্বার্থে এবং নাগরিক পরিষেবা আরও কার্যকর করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।