ভারত সফরে আসবেন মার্কিন বিদেশসচিব

File Photo

আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিও আগামী ২৩ মে থেকে ২৬ মে পর্যন্ত ভারত সফরে আসছেন। এই সফরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর-সহ ভারত সরকারের একাধিক শীর্ষ আধিকারিকের সঙ্গে বৈঠক করবেন বলে সূত্রের খবর। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও তাঁর বৈঠক হতে পারে।

এটাই হতে চলেছে মার্কো রুবিওর প্রথম ভারত সফর মার্কিন বিদেশসচিব হিসেবে। সফরকালে তিনি ‘কোয়াড’ভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকেও যোগ দেবেন। এই জোটে রয়েছে ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়া। সূত্রের খবর, ভারত সফরে মূলত জ্বালানি নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা হবে।

পাশাপাশি তাঁর কলকাতা সফরও বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর এই প্রথম কোনও মার্কিন বিদেশসচিবের কলকাতা সফরের সম্ভাবনা তৈরি হয়েছে। রাজনৈতিক ও কূটনৈতিক মহলের একাংশের মতে, এই সফরে কলকাতায় নতুন বিনিয়োগ বা বাণিজ্যিক সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হতে পারে।


কলকাতার পাশাপাশি রুবিওর আগ্রা এবং জয়পুর সফরেরও সম্ভাবনা রয়েছে। তবে তাঁর কলকাতা সফরের বিস্তারিত সূচি এখনও সরকারি ভাবে প্রকাশ করা হয়নি। এক মার্কিন প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ভারত সফরের আগে ২২ মে সুইডেন সফরে যাবেন মার্কো রুবিও। সেখানে তিনি ন্যাটো সদস্য দেশগুলির বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন।