সস্ত্রীক কলকাতায় মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো

মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও শনিবার সকালে সস্ত্রীক কলকাতায় পৌঁছে তাঁর চার দিনের ভারত সফর শুরু করলেন। কলকাতা বিমানবন্দরে নামার পর তিনি প্রথমে যান মাদার হাউসে, যেখানে প্রায় এক ঘণ্টা কাটান। পরে তিনি যান  নির্মলা শিশুভবনে। সেখান থেকে দুপুরেই তাঁর দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা, যেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন।

গত ১৪ বছরে এই প্রথম কোনও মার্কিন বিদেশসচিব পশ্চিমবঙ্গে এলেন। এর আগে ২০১২ সালে কলকাতা সফরে এসেছিলেন হিলারি ক্লিনটন। মার্কিন রাষ্ট্রদূত সার্জিয়ো গোর সমাজমাধ্যমে জানিয়েছেন, বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা ও কোয়াড-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে ভারত ও আমেরিকার মধ্যে আলোচনা হবে।

২৬ মে পর্যন্ত চলা এই সফরে দিল্লির পাশাপাশি আগরা ও জয়পুরেও যাওয়ার সম্ভাবনা রয়েছে রুবিয়োর। সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল কোয়াড বৈঠকে তাঁর অংশগ্রহণ। সেখানে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের পাশাপাশি উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এবং জাপানের বিদেশমন্ত্রী মোটেগি তোশিমিৎসু।


বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পশ্চিম এশিয়ায় আমেরিকা-ইরান সংঘাতের জেরে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে ভারতেও। পেট্রল ও ডিজেলের দাম ধারাবাহিকভাবে বাড়ছে। কলকাতায় আসার আগে এ বিষয়ে প্রশ্ন করা হলে রুবিয়ো বলেন, ‘ভারত আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু’ এবং ভারতীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকের জন্য তিনি আগ্রহী বলেও জানান।