প্রতারণার মামলায় গ্রেপ্তার প্রাক্তন উত্তর বঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ

গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা উদয়ন গুহ। বুধবার কলকাতা থেকে গ্রেপ্তার করেছে কোচবিহার জেলা পুলিশ। ফুলবাগান এলাকার একটি ফ্ল্যাট থেকে তাঁকে আটক করে প্রথমে ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, তাঁকে উত্তরবঙ্গে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করা হয়েছে।

কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ দমন) কুণাল আগরওয়াল জানিয়েছেন ২০১৬ সাল থেকে ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’-য় ‘কাটমানি’ সংক্রান্ত প্রতারণার অভিযোগে দায়ের হয় দিনহাটা থানায়। ওই থানার ৪১৯/২৬ নম্বর মামলায় এবং আইপিসি র ধারা ৪০৬/৪০৯/৪২০ অনুযায়ী উদয়ন গুহকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ মে দিনহাটা বিধানসভা কেন্দ্রের নির্বাচনে পরাজয়ের পর থেকেই উদয়ন কোচবিহার ছেড়ে কলকাতায় থাকছিলেন। বর্তমানে তাঁকে খুব একটা প্রকাশ্যে দেখা যায়নি। উদয়নের গ্রেপ্তারি প্রসঙ্গে দিনহাটার বিজেপি বিধায়ক অজয় রায় বলেন, তাঁর বিরুদ্ধে বহু গুরুতর অভিযোগ রয়েছে।


রতন বর্মণ হত্যাকাণ্ড, বীজ দুর্নীতি, আবাস যোজনায় অনিয়মসহ একাধিক মামলার উল্লেখ করে তিনি দাবি করেন, ২০২১ সালের ভোট পরবর্তী হিংসার তদন্তে জাতীয় মানবাধিকার কমিশনের পর্যবেক্ষণেও উদয়নের নাম উঠে এসেছিল। অজয়ের মতে, অনেক আগেই তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ হওয়া উচিত ছিল এবং সমস্ত অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।

রাজনৈতিক জীবনে উদয়ন গুহ দীর্ঘদিন ফরোয়ার্ড ব্লকের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালের অক্টোবরে তিনি দলত্যাগ করে তৃণমূলে যোগ দেন। তাঁর বাবা কমল গুহও রাজ্যের বামফ্রন্ট সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন। উদয়ন গুহ ২০২১ সালে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হিসেবে এবং ২০১৬ সালে তৃণমূলের প্রার্থী হিসেবে দিনহাটা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি নেতা নিশীথ প্রামাণিকের কাছে পরাজিত হলেও, পরে উপনির্বাচনে একই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়ে বিধানসভায় ফেরেন। এরপর উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি আবারও দিনহাটা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থীর কাছে ১৭ হাজারের বেশি ভোটে পরাজিত হন।