শহরের হাজার হাজার নিত্য অফিসযাত্রীর জন্য বড় ধাক্কা নিয়ে এল উবার। আগামী ২ এপ্রিল থেকে কলকাতায় বন্ধ হয়ে যাচ্ছে উবার শাটল পরিষেবা। ইতিমধ্যেই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের এই সিদ্ধান্ত জানানো হয়েছে। ফলে প্রতিদিনের যাতায়াতে খরচ বাড়ার পাশাপাশি বাড়বে ভোগান্তিও— এমনটাই আশঙ্কা করছেন যাত্রীরা।
বিশেষ করে সেক্টর ফাইভ, নিউটাউন ও রাজারহাটের আইটি কর্মীদের কাছে এই পরিষেবা ছিল অত্যন্ত জনপ্রিয়। তুলনামূলক কম খরচে আরামদায়ক ও নির্ভরযোগ্য যাতায়াতের জন্য অনেকেই উবার শাটলের উপর নির্ভর করতেন। নিউটাউনের এক কর্মী জানিয়েছেন, তিনি প্রায় প্রতিদিনই এই পরিষেবা ব্যবহার করতেন। হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় এখন বিকল্প খুঁজতে হিমশিম খেতে হচ্ছে। অন্য অ্যাপগুলিতে খরচ বেশি, আবার পিকআপ পয়েন্টও দূরে হওয়ায় সমস্যায় পড়ছেন অনেকেই।
এই সিদ্ধান্তে অনিশ্চয়তায় পড়েছেন চালকরাও। দক্ষিণ কলকাতা থেকে নিউটাউন রুটে চলা এক চালক জানিয়েছেন, তাঁদের অন্য প্ল্যাটফর্মে চলে যেতে বলা হয়েছে, ফলে কাজের ধরন ও আয়ে পরিবর্তন আসবে। জানা গিয়েছে, এই পদক্ষেপ শুধু কলকাতাতেই নয়, গোটা দেশজুড়ে উবারের পরিষেবা পুনর্বিন্যাসের অংশ। দিল্লি-এনসিআর, মুম্বাই ও হায়দরাবাদেও ইতিমধ্যেই এই পরিষেবা বন্ধ করা হয়েছে।
সংস্থা এখন কর্পোরেট-কেন্দ্রিক এমপ্লয়ি ট্রান্সপোর্টেশন পরিষেবায় জোর দিচ্ছে। উবার জানিয়েছে, যাঁদের সাবস্ক্রিপশন বাকি রয়েছে, তা সাত দিনের মধ্যে অ্যাপ ক্রেডিট হিসেবে ফেরত দেওয়া হবে। সব মিলিয়ে, শহরের যাতায়াত ব্যবস্থায় এই পরিবর্তন বড় প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে।