জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ হাবরায় দুই তৃণমূল নেতাকে আদালতে পেশ

জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ দাপুটে তৃণমূল নেতা অজিত সাহা ধৃত। ভোট পরবর্তী হিংসা ও তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা ও তাঁর ভাই সুজিত কুমার সাহাও। তল্লাশিতে প্রায় ২৬ লক্ষ টাকা-সহ বিপুল কার্তুজ ও বিদেশি মদ উদ্ধার হয়েছে। এই গ্রেপ্তারি ঘিরে স্বাভাবিকভাবেই হাবরা জুড়ে তীব্র রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়েছে।

একাধিক তোলাবাজি, আর্থিক জালিয়াতি এবং দুর্নীতির গুরুতর অভিযোগে তৃণমূল নেতা তথা হাবরা ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি অজিত সাহাকে গ্রেপ্তার করা হয়। ভোট পরবর্তী হিংসা ও তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয় গাইঘাটা বিধানসভার মছলন্দপুর এলাকার তৃণমূল নেতা তথা অজিত সাহার ভাই সুজিত কুমার সাহাকে।অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা, কার্তুজ, এয়ারগান, এয়ার পিস্তল, গুলির খোল ও বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ।

চলতি মাসের ২৪ তারিখ মছলন্দপুর এলাকায় ভোট পরবর্তী হিংসা ও তোলাবাজির অভিযোগ ওঠে তৃণমূল নেতা অজিত সাহা এবং তাঁর ভাই সুজিত কুমার সাহার বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত নামে পুলিশ। প্রথমে অজিত সাহাকে মছলন্দপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বাড়িতে তল্লাশি চলাকালীন নগদ ২৬ লক্ষ টাকা, ৬১৬টি কার্তুজ, একটি এয়ারগান, একটি এয়ার পিস্ত, ৬১টি গুলির খোল এবং ৫২ বোতল বিদেশি মদ উদ্ধার হয়। সেদিনই রাতে অজিত সাহার ভাই সুজিত কুমার সাহাকেও তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।


বুধবার দুই অভিযুক্তকে বারাসত মহকুমা আদালতে পেশ করা হয় এবং ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয় বলে খবর। তবে এত বিপুল পরিমাণ কার্তুজ, নগদ টাকা ও বিদেশি মদ কী উদ্দেশে মজুত করা হয়েছিল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতা অজিত সাহা এলাকায় জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত বিশ্বস্ত ও ঘনিষ্ঠ অনুগামী হিসেবে পরিচিত ছিলেন। হাবরা ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি থাকাকালীন তাঁর বিরুদ্ধে এলাকায় একাধিক দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ উঠেছিল।