পুলিশ ঠেকাতে কুকুর লেলিয়ে দিল সাট্টার বুকিরা, পুকুরে পড়ল সোনা, আকাশে উড়ল টাকা উত্তরপাড়ায়

Two Satta Criminals Arrested File Photo

উত্তরপাড়ায় সাট্টা বুকির বাড়িতে পুলিশ অভিযান চালাতেই ঘটল নজিরবিহীন ঘটনা। পুলিশকে দেখতে পেয়ে ছাদ থেকে সোনা টাকা ছুঁড়ে ফেলা হয় বলে অভিযোগ। আর বাড়ির দরজা না খুলে পোষ্য ডোভারম্যান লেলিয়ে দেওয়া হয় পুলিশের উদ্দেশে বলেও অভিযোগ। যদিও সব বাধা কাটিয়ে ওই বাড়িতে ঢুকে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকে উদ্ধার করা হয় সাড়ে ১২ লক্ষ টাকা এবং দেড় কেজি সোনা। এমন ঘটনা যে ঘটতে পারে তা আগাম আঁচ করতে পারেনি পুলিশকর্মীরা। তবে সাট্টার বুকিরাও বুঝতে পারেনি এসব করে টাকা বাঁচানো যাবে না।

উত্তরপাড়ার তিন নম্বর কাঁসারি পুকুর রোডে সঞ্জয় মজুমদারের বাড়ি। সেখানেই পুলিশ অভিযান চালায়। আর তখনই হুলস্থুল কাণ্ড বেঁধে যায়। বুধবার বেশি রাতে এই ঘটনায় প্রতিবেশীদের ঘুম ভেঙে যায়। পুলিশ সূত্রে খবর, সঞ্জয় এলাকার ‘সাট্টা ডন বাপি’ বলে পরিচিত। এই সঞ্জয়ের বিরুদ্ধে সাট্টার ঠেক চালানোর একাধিক অভিযোগ আছে। চন্দননগর পুলিশের গোয়েন্দা শাখা বুধবার রাতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সঞ্জয়ের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে সাড়ে ১২ লক্ষ টাকা এবং দেড় কেজি সোনা উদ্ধার করেছে। গ্রেপ্তারও করা হয়েছে বাড়ির দুই সদস্যকে। কিন্তু সঞ্জয়ের হদিশ এখনও মেলেনি।

সঞ্জয় অধরা থাকলেও তার খোঁজ শুরু করেছে পুলিশ। ওই দুই সদস্যকে ম্যারাথন জেরা করা হচ্ছে। যাতে সঞ্জয়ের নাগাল পাওয়া যায়। পুলিশ সূত্রে খবর, রাত ১২টার পর সঞ্জয়ের দুই শাগরেদকে গ্রেপ্তার করা হয়েছে। এরা দীর্ঘদিন ধরে গোপনভাবে সাট্টার কারবার চালাচ্ছে। সঞ্জয় বাড়িতে এদের রেখে নিজে অন্যত্র গা-ঢাকা দিয়েছে। দীর্ঘদিন ধরে এলাকার সাট্টার কারাবার নিয়ন্ত্রণ করত সঞ্জয় ওরফে বাপি। সে কুখ্যাত দুষ্কৃতী রমেশ মাহাতো ঘনিষ্ঠ। এরা সাট্টার কারবার চালিয়ে বিপুল পরিমাণ টাকা এবং সোনা মজুত করেছিল।


তাছাড়া চন্দননগর পুলিশের এক আধিকারিক জানান, বেআইনি সাট্টা কারবার চালানোর অভিযোগ পেয়ে তল্লাশি অভিযান চালানো হয়। অভিযুক্তের বাড়ি থেকে নগদ টাকা ও সোনা উদ্ধার করা হয়েছে। দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দিয়েছেন যে, বেআইনি মদ থেকে শুরু করে জুয়া সাট্টার কারবার বন্ধ করতে হবে। তারপর থেকে পুলিশ অভিযান চলছে। ধৃতদের বৃহস্পতিবার আদালতে তোলা হচ্ছে। একই রাতে কোন্নগর থেকে হুব্বা শ্যামলের ভাই ও তার এক সঙ্গীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বেআইনি জমি কারবারের অভিযোগ আছে।