জোহানেসবার্গে গুলিতে নিহত ২, আহত ৬

প্রতিনিধিত্বমূলক চিত্র

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের এলডোরাডো পার্ক এলাকায় বন্দুকবাজের হামলায় ঘটনায় দুই জন নিহত এবং ছয় জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশ রবিবার এই তথ্য জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে একটি সামাজিক জমায়েত চলাকালীন প্রায় আট জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি বাড়ির আঙিনায় ঢুকে পড়ে। এরপর আচমকা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। গুলি চালানোর পর হামলাকারীরা পায়ে হেঁটে এলাকা থেকে পালিয়ে যায়।

এই ঘটনায় ছয় জন গুরুতর জখম হন। তাঁদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে চিকিৎসা চলছে।


গৌতেং প্রদেশের পুলিশের মুখপাত্র ব্রেন্ডা মুরিদিলি জানান, এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। হামলার উদ্দেশ্যও স্পষ্ট নয়। ইতিমধ্যেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তিনি সাধারণ মানুষকে অনুরোধ করেছেন, এই ঘটনার বিষয়ে কোনও তথ্য থাকলে পুলিশকে জানাতে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্তে সাহায্য করতে পারলে ‘ক্রাইম স্টপ’ নম্বরে ফোন করা অথবা ‘মাইস্যাপস’ নামের অ্যাপের মাধ্যমে গোপনে তথ্য দেওয়া যেতে পারে।

এই ঘটনার মধ্যেই এলাকায় নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে সরকার। এলডোরাডো পার্ক এবং আশপাশের এলাকায় দক্ষিণ আফ্রিকার জাতীয় প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নামানো হয়েছে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায় এবং তদন্তে সহায়তা করা যায়।

গত ১১ মার্চ জোহানেসবার্গের বিভিন্ন এলাকায় সেনা মোতায়েন করা হয়। এলডোরাডো পার্ক ও রিভারলিয়া অঞ্চলে সেনাবাহিনীর যানবাহন ঢোকার দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরেই এই অঞ্চল গ্যাং সংঘর্ষ এবং সহিংস অপরাধের জন্য কুখ্যাত।

এর আগেও এলডোরাডো পার্কে একাধিক গুলির ঘটনা ঘটেছে। ২০২৫ সালের ১৪ জুন একটি মসজিদের বাইরে গুলি চালানোর ঘটনায় তিন জন নিহত হয়েছিলেন। আবার একই বছরের মে মাসে এক ব্যক্তি আচমকা জনতার দিকে গুলি চালিয়ে এক মহিলাকে হত্যা করে এবং আরও একজনকে আহত করে।

বারবার এই ধরনের ঘটনার জেরে এলডোরাডো পার্কে অপরাধ দমনে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি উঠছে স্থানীয় বাসিন্দাদের তরফে।