সমুদ্রস্নানে নেমে তাজপুরে মর্মান্তিক পরিণতি হল দুই চিকিৎসকের। বুধবার গভীর রাতে বিশ্ববাংলা গেটের কাছে সমুদ্রে ভাসতে দেখা যায় তাঁদের দেহ। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা প্রথম ঘটনাটি লক্ষ্য করে মন্দারমনি কোস্টাল থানায় খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডুবুরি নামিয়ে সমুদ্র থেকে দুটি দেহ উদ্ধার করে।
মৃতদের পরিচয় জানা গিয়েছে— কুন্তল চক্রবর্তী ও শৈলজা ভরদ্বাজ। দু’জনেই সোদপুরের বাসিন্দা এবং পেশায় চিকিৎসক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগেই তাঁরা তাজপুরে বেড়াতে এসেছিলেন। নিজেদের গাড়িতে করেই সমুদ্রতটে পৌঁছন। প্রাথমিক অনুমান, সমুদ্রের ধারে সময় কাটানোর সময় কোনও এক মুহূর্তে তাঁরা জলে নেমে পড়েন। সেই সময় প্রবল ঢেউয়ের তোড়ে ভেসে গিয়ে বিপত্তি ঘটে। ঘটনাটি রাতের অন্ধকারে ঘটায় আশপাশে থাকা কেউ বিষয়টি টের পাননি বলেই মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার সকালে বিশ্ববাংলা গেট সংলগ্ন এলাকায় দেহ দুটি ভাসতে দেখে চাঞ্চল্য ছড়ায়। উদ্ধার করে বালিসাই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। পরে মৃতদেহ দুটি কাঁথি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে। ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে তদন্তকারীরা।